২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারের জন্য বেলজিয়ামে প্যারিস হামলার সন্দেহভাজন

প্যারিসে ২০১৫ সালে চালানো ভয়াবহ সন্ত্রাসী হামলার একমাত্র জীবিত সন্দেহভাজনকে বিচারের মুখোমুখি করার জন্য বেলজিয়ামে নেওয়া হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2018, 03:32 PM

Updated : 08 Apr 2022, 05:52 PM

প্যারিস হামলার চার মাস পর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পুলিশের সঙ্গে বন্দুক লড়াইয়ের পর সালাহ আব্দেসালামকে গ্রেপ্তার করা হয়েছিল, ওই বন্দুক লড়াইয়ের বিচারের জন্যই তাকে ফের বেলজিয়ামে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

মরক্কান পিতামাতার সন্তান আব্দেসালামের জন্ম ব্রালেসসে, কিন্তু তিনি ফরাসি নাগরিক। এতদিন প্যারিসের কাছে একটি কারাগারে তিনি বন্দি ছিলেন। সেখান থেকেই সোমবার ভোররাতে সশস্ত্র পাহারায় তাকে বেলজিয়ামে নেওয়া হয়।

বেলজিয়ামে তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার সঙ্গে প্যারিস হামলার কোনো সম্পর্ক নেই। ফ্রান্সে ২০২০ সালের আগে তার বিচার শুরু হবে না বলে ধারণা করা হচ্ছে।  

২০১৫ সালের ১৩ নভেম্বর প্যারিসের একটি কনসাটর্ হল, স্টেডিয়াম, রেস্তোরাঁ, ক্যাফে ও বারে বন্দুকধারী ও আত্মঘাতী বোমারুদের চালানো সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহত ও কয়েকশত মানুষ আহত হয়েছিলেন।

হামলাকারীদের মধ্যে আব্দেসালামের ভাই ব্রাহিম ছিলেন, একটি ক্যাফের বাইরে আত্মঘাতী হামলায় সে নিহত হয়।

হামলার পর আব্দেসালাম ইউরোপের শীর্ষ ফেরারি হয়ে যায়। পরে মার্চে ব্রাসেলসের মলেনবেকের একটি ফ্ল্যাটে এক সঙ্গীসহ লুকিয়ে থাকা অবস্থায় তাকে পাওয়া যায়। ফ্ল্যাটটিতে অভিযানরত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে তারা বন্দুকযুদ্ধে লিপ্ত হয়েছিল বলে অভিযোগ পুলিশের।  

প্যারিস হামলায় ২৮ বছর বয়সী আব্দেসালামেরও একটি প্রধান ভূমিকা ছিল বলে ধারণা ফরাসি তদন্তকারীদের, কিন্তু সে তদন্তে সহযোগিতা করতে রাজি হয়নি। 

আপাদমস্তক পোশাকে ঢাকা মুখোশপড়া দুই পুলিশ কর্মকর্তা লম্বা চুল ও শ্মশ্রুধারি আব্দেসালামকে নিয়ে আদালতে প্রবেশ করেন।

আব্দেসালাম ও তার সন্দেহভাজন সহযোগি সোফিয়ান আয়ারির (২৪) বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখা এবং সন্ত্রাসী হামলা চালিয়ে পুলিশ কর্মকর্তাদের খুন করার চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ ৪০ বছরের কারাদণ্ড হতে পারে।

বিচার চলাকালে বেলজিয়ামের আদালতে হাজিরার পর প্রতি রাতে তাকে ফ্রান্সে ফেরত পাঠানো হবে, তবে বিচারের পুরো সময়টি তাকে ফ্রান্সের সীমান্ত পার হয়ে কাছাকাছি অন্য একটি কারাগারে থাকতে হবে।

টানা চারদিন ধরে বিচার চলবে বলে ধারণা করা হচ্ছে। বিচার চলাকালে দুই শতাধিক পুলিশ আদালতের পাহারায় নিয়োজিত থাকবেন।