২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্পকে রাশিয়া তদন্ত বানচাল না করার হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই'য়ের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতদুষ্টতার অভিযোগ এনে প্রশাসনের গোপন মেমো প্রকাশের মধ্য দিয়ে রাশিয়া বিষয়ক তদন্ত বানচাল না করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ার করেছে বিরোধী শিবির ডোমোক্র্যাট।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2018, 06:34 PM

Updated : 08 Apr 2022, 05:51 PM

বিতর্কিত ওই নথিকে (মেমো) ‘অজুহাত’ হিসেবে ব্যবহার করে মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে তদন্তকারী বিশেষ কর্মকর্তাকে বরখাস্ত না করতে ট্রাম্পকে সতর্ক করেছেন ঊর্ধ্বতন ডেমোক্র্যাটরা।

তারা বলছেন, মেমোটি রাশিয়া বিষয়ক তদন্ত কর্মকর্তা রবার্ট মুলার কিংবা এ তদন্তে জড়িত অন্যান্যদেরকে বরখাস্ত করতে কাজে লাগানো হতে পারে। আর এমনটি হলে দেখা দিতে পারে সাংবিধানিক সংকট। যেমনটি হয়েছিল প্রেসিডেন্ট নিক্সনের আমলে।

২০১৬ সালে যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের যে অভিযোগ উঠেছে, তা নিয়ে তদন্ত করছে ‘ফেডারেল ব্যুরো ইনভেস্টিগেশন’ (এফবিআই)। কিন্তু ট্রাম্প প্রশাসন শুক্রবার রিপাবলিকানদের লিখিত যে মেমো প্রকাশ করেছে তাতে এফবিআই’য়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ করা হয়েছে।

বিবিসি জানায়, ট্রাম্প ওই নথি প্রকাশের অনুমোদন দিয়েছেন এবং বলেছেন, এর মাধ্যমে যা প্রকাশ হয়েছে তা লজ্জাজনক।

নথিতে অভিযোগ করা হয়েছে, ট্রাম্প মিত্রদের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করার এখতিয়ার পেতে এফবিআই ও বিচার বিভাগ অপ্রমাণিত বিষয় এবং ডেমোক্র্যাটদের অর্থায়নে তৈরি প্রতিবেদন নিয়ে কাজ করছে।

 কিন্তু ডেমোক্র্যাটরা অভিযোগ করে বলেছে, যুক্তরাষ্ট্রের নির্বাচনে ট্রাম্প শিবির এবং ক্রেমলিনের মধ্যে আঁতাতের অভিযোগ নিয়ে তদন্ত বাধাগ্রস্ত করতেই নথিটি প্রকাশ করা হয়েছে।

এফবিআই এর আগে নথিটি প্রকাশ না করার ব্যাপারে সতর্ক করেছিল এবং  নথিতে মূল বিষয়ই বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছিল।

ডেমোক্র্যাটরা বলছে, নথি প্রকাশ করাটা এফবিআই’য়ের সুনাম ক্ষুন্ন করা এবং মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে তদন্ত নস্যাৎ করার একটি লজ্জ্বাজনক প্রচেষ্টা।

এক বিবৃতিতে সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার, প্রতিনিধি পরিষদের সংখ্যালঘু নেতা ন্যান্সি পোলেসি ছাড়াও আট সিনিয়র ডেমোক্র্যাট সতর্ক করে বলেছেন, ট্রাম্প বিশেষ কৌঁসুলি রবার্ট মুলার কিংবা ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রোজেনস্টেইনকে বরখাস্তের চেষ্টা করছেন।

এ ধরনের অনাকাঙ্খিত উদ্যোগ রাশিয়া তদন্তে বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

তারা বলছেন, এ ধরনের পদক্ষেপ সাংবিধানিক সংকট সৃষ্টি করতে পারে, যা ১৯৭০ এর দশকে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের সময় হয়েছিল। ওই সময় নিক্সন ওয়াটারগেট কেলেঙ্কারিতে জড়িত বিচারিক কর্মকর্তাদেরকে বরখাস্তের নির্দেশ দিয়েছিলেন।

হোয়াইট হাউজ অবশ্য পরবর্তীতে বলেছে, বিচার বিভাগে কোনো পরিবর্তন করা হবে না এবং রোজেনস্টেইন তার কাজ চালিয়ে যেতে পারবেন।