২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাখাইনে নতুন গণকবরের খবর অস্বীকার মিয়ানমারের

রাখাইনের রোহিঙ্গা অধ্যুষিত গু দার পাইন গ্রামে গণকবরের কথা অস্বীকার করেছে মিয়ানমার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2018, 05:13 PM

Updated : 11 Oct 2022, 12:05 PM

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) রাখাইনের গু দার পাইন গ্রামে পাঁচটির বেশি গণকবরের সন্ধান পাওয়ার খবর প্রচার করেছিল।

মিয়ানমার সেনাবাহিনীর নিপীড়নের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের সাক্ষাৎকার এবং তাদের সরবরাহ করা সময়-চিহ্নিত মোবাইল ফোন ভিডিও’র ভিত্তিতে গণকবরের সম্পর্কিত ওই প্রতিবেদন প্রকাশ করে এপি।

এপির খবর প্রকাশের দিনই যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার নুয়ার্ট বলেন, “আমরা গণকবরের খবরে খুবই উদ্বিগ্ন। আমরা ঘটনাটি খুবই সতর্কতার সঙ্গে নজরে রাখছি। মানবাধিকারের অপব্যবহার ও তা লঙ্ঘনে জড়িতদের বিচারের মুখোমুখি করতে সহযোগিতা করাই আমাদের লক্ষ্য।”

পরদিন অং সান সু চির দপ্তর সংশ্লিষ্ট একটি সরকারি তথ্য কমিটি তাদের ফেইসবুক পাতায় দেওয়া এক বিবৃতিতে নতুন গণকবরের কথা অস্বীকার করে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

বিবৃতিতে বলা হয়, স্থানীয় কর্তৃপক্ষ ও নিরাপত্তা কর্মকর্তারা মাঠ পর্যায়ে তদন্ত করেও গু দার পাইন গ্রামে কোনো গণকবরের অস্তিত্ব পায়নি।

“মাঠপর্যায়ের দলটি এপির প্রতিবেদনে উল্লেখ করা স্থানে গিয়ে খবরের সত্যতা পায়নি। তারা স্থানীয় বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ও গ্রামবাসীদের সঙ্গেও দেখা করে গণহত্যার কথা জিজ্ঞেস করে। গ্রামবাসীরা জানায়, সেখানে কোনো গণহত্যা হয়নি।”

গত বছর অগাস্টের শেষদিকে নিরাপত্তা বাহিনীর ওপর আক্রমণ করা ‘১৯  সন্ত্রাসীকে’ হত্যার পর ‘যথাযথভাবে সমাহিত’ করার কথাও ওই বিবৃতিতে উল্লেখ করা হয়।

নিরাপত্তা বাহিনীর ওপর ওই হামলার পর মিয়ানমার সেনাবাহিনী সন্ত্রাস দমনের নামে রাখাইনে চরম দমন-পীড়ন চালায়।

প্রাণ বাঁচাতে ওই এলাকা থেকে মাত্র কয়েক মাসে প্রায় সাত লাখ রোহিঙ্গা ‍মুসলিম প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়।

এদিকে মিয়ানমার অস্বীকার করলেও এপি এখনও গণকবর সম্পর্কিত প্রতিবেদনের পক্ষেই আছে বলে সংবাদ মাধ্যমটির জনসংযোগ বিভাগের পরিচালক লরেন ইস্টন জানিয়েছেন।

রয়টার্স থেকে এপি’র খবরের সত্যতা যাচাই করা হয়।

রয়টার্স গু দার পাইনের দুই বাসিন্দার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করলে তারা সেখানে গণকবর আছে বলে জানায়।

বাংলাদেশের কক্সবাজারের বালুখালি রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেওয়া শরণার্থীরাই রয়টার্সের প্রতিবেদককে গু দার পাইনের ওই দুই বাসিন্দার ফোন নম্বর দেয়।

টেলিফোনে তারা রয়টার্সের সঙ্গে কথা বললেও নিজেদের নাম পরিচয় প্রকাশ করতে রাজি হননি।

তারা বলেন, শুক্রবার মিয়ানমার সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা তাদের গ্রামে গিয়ে সেখানকার ছবি তুলেছে এবং গ্রামবাসীর সঙ্গে বৈঠক করেছে।

টেলিফোনে কথা বলা একজনের বাবাও ওই বৈঠকে ছিলেন, যেখানে সেনা কর্মকর্তারা গ্রামবাসীর কাছে সহিংসতায় কতজন নিহত হয়েছে, কারা তাদের বাড়ি পুড়িয়েছে এবং সেখানে কোনো গণকবর আছে কিনা এসব জানতে চেয়েছেন।

“গ্রামবাসীরা ভয় পেয়ে বলেছিল তারা জানেন না কতজন মারা গেছে এবং কারা তাদের বাড়ি পুড়িয়েছে। তবে এখানে গণকবর আছে বলে সেনা কর্মকর্তাদের জানান তারা।” 

গু দার পাইনের অন্য অধিবাসীর ভাষ্য, শুক্রবার দুপুরের দিকে সেনাবাহিনীর তিন কর্মকর্তা গ্রামে এসে তাদের বাড়ির পাশের গণকবরের ছবি তোলেন এবং পরে গ্রামের স্কুলে বৈঠক ডাকেন।

তারা বলেন, ওই কর্মকর্তারা চলে গেছেন, কিন্তু এখনও অনেক সেনা কাছাকাছি অবস্থান করছেন, যে কারণে গ্রামবাসীরা আতঙ্কিত।

পরে গ্রামবাসীদের দেওয়া তথ্যের ভিত্তিতে রয়টার্স থেকে সু চির মুখপাত্রের কাছে জানতে চাওয়া হলে তিনি এ বিষয়ে রাখাইনের রাজ্য সরকারের সঙ্গে কথা বলতে বলেন।

তবে তাৎক্ষণিকভাবে রাজ্য সরকারের কোনো মুখপাত্রের মন্তব্য পাওয়া যায়নি বলে জানায় রয়টার্স।  সেনাবাহিনীও এ বিষয়ে কিছু বলতে রাজি হয়নি।

জানুয়ারিতে প্রথমবার রাখাইনের ইন দিন গ্রামে একটি গণকবরের কথা স্বীকার করে মিয়ানমারের সেনাবাহিনী।

তারা বলেছিল, সেপ্টেম্বরের প্রথম দিকে বৌদ্ধ ধর্মাবলম্বী গ্রামবাসী ও সেনারা ১০ ‘মুসলিম সন্ত্রাসীকে’ আটক করে হত্যার পর গ্রামের ভেতরেই সমাহিত করে।

 ওই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে তারা।