লিবিয়া উপকূলে ৯০ শরণার্থীর মৃত্যুর আশঙ্কা
লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ৯০ জন শরণার্থীর মৃত্যুর আশঙ্কার কথা জানিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা।
এ দুর্ঘটনায় বেঁচে যাওয়া তিনজন জানিয়েছেন, ডুবে যাওয়াদের বেশিরভাগই পাকিস্তানের নাগরিক।
তবে নৌকাডুবিতে নিহত ও বেঁচে যাওয়াদের মধ্যে লিবিয়ার নাগরিকরাও আছে বলে জানিয়েছেন বিবিসি’র উত্তর আফ্রিকা বিষয়ক সংবাদদাতা।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এক বিবৃতিতে জানিয়েছে, লিবিয়ার সাগর তীরে দশটি মৃতদেহ ভেসে আসার খবর পেয়েছে তারা।
গত কয়েক বছরে সমুদ্রপথে দক্ষিণ ইউরোপে পৌঁছাতে আশ্রয়প্রার্থীদের প্রধান ট্রানজিট রুট হয়ে উঠেছে লিবিয়া।
কিন্তু গত বছর শরণার্থীদের ইতালি পৌঁছাতে বাধা দিতে লিবিয়ার উপকূলরক্ষীদের সহায়তা করতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) একটি বিতর্কিত চুক্তি করেছে। এ চুক্তিকে অমানবিক আখ্যা দিয়েছে বিভিন্ন সাহায্য সংগঠন ও জাতিসংঘ।
আইওএম এর মুখপাত্র বলেছেন, বিপজ্জনকপথে ইতালিতে পাড়ি জমানো শরণার্থীদের মধ্যে পাকিস্তানিদের সংখ্যা ক্রমেই বাড়ছে।
জুওয়ারা উপকূলীয় শহরের নিরাপত্তা দপ্তরের ফেইসবুক পাতায় বলা হয়েছে, ডুবে যাওয়াদের মধ্যে লিবিয়ার এক নারী আছেন। আর বেঁচে যাওয়া তিনজনের দুইজন লিবিয়ার নাগরিক। এ শহরেই মৃতদেহগুলো ভেসে এসেছে।
বিবিসির উত্তর আফ্রিকা প্রতিনিধি রানা জাওয়াদ বলেন, নৌকাডুবির ঘটনায় লিবিয়ার নাগরিক থাকাটা সচরাচর ঘটে না। নিজ দেশ থেকে বিপজ্জনক ও অবৈধ পথে লিবিয়ার নাগরিকদের পাড়ি জমানোর ঘটনা ঘটে খুব কমই।
গত বছর এ ধরনের কয়েকটি ঘটনা দেখা যায়, তবে এসব লিবীয় নাগরিক শরণার্থীদের নৌকা চালিয়েছে।
আইওএম এর প্রতিবেদন অনুযায়ী, এ বছর সাগরপথে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেছে ৬ হাজার ৬২৪ শরণার্থী। গত বছর যা ছিল ৫ হাজার ৯৮৩ জন। ২০১৮ সালে এ পর্যন্ত ২৪৬ শরণার্থী নিহত কিংবা নিখোঁজ হয়েছে।
