২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের জন্য 'শিগগিরই' হুমকি হতে পারে উ. কোরিয়া: ট্রাম্প

উত্তর কোরিয়ার নেতৃত্বকে ‘দুরাচারী’ আখ্যা দিয়ে মার্কিনিদের সতর্ক করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পিয়ংইয়ং যেভাবে পরমাণু ক্ষেপণাস্ত্র তৈরিতে উঠেপড়ে লেগেছে তাতে তারা ‘খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের জন্য হুমকি’ হয়ে উঠতে পারে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 31 Jan 2018, 09:45 PM

Updated : 08 Apr 2022, 05:50 PM

প্রথম ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প এ আশঙ্কা প্রকাশ করেন। একইসঙ্গে এ হুমকি ঠেকাতে নিরন্তর চেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকারও করেন তিনি।

ট্রাম্প বলেন, “পরমাণু ক্ষেপণাস্ত্র তৈরিতে উত্তর কোরিয়ার বেপরোয়া মনভাব খুব শিগগিরই আমাদের মূলভূখণ্ডের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।

“ওই রকম পরিস্থিতির মুখোমুখি হওয়া আটকাতে আমরা সর্বোচ্চ চাপ প্রয়োগের চেষ্টা করছি।”

ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের পরষ্পরের প্রতি বিদ্বেষপূর্ণ বাক্যবানে কয়েক মাস আগেও কোরীয় উপদ্বীপে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।

পরে দক্ষিণ কোরিয়ায় আসন্ন শীতকালীন অলিম্পিকে উত্তর কোরিয়ার অংশগ্রহণের আগ্রহ প্রকাশের পর দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্কের বরফ কিছুটা হলেও গলেছে।

ফেব্রুয়ারির অলিম্পিকে উত্তর কোরিয়ার দল পাঠানো নিয়ে দুই দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা এরই মধ্যে কয়েকদফা বৈঠক করেছেন। প্রায় দুই বছর পর আবারও দু’দেশের মধ্যে টেলিফোনে একটি হট লাইন চালু হয়েছে।

উত্তর কোরিয়ার নেতা কিমকে ‘কলুষিত চরিত্র’ বলে বর্ণনা করে ট্রাম্প আরও বলেন, “আমেরিকা ও তাদের মিত্রদের জন্য উত্তর কোরিয়ার পরমাণু হুমকির প্রকৃত অবস্থা বুঝতে আমাদের শুধুমাত্র দেশটির কলুষিত চরিত্রের নেতার দিকে নজর রাখা প্রয়োজন।”

তবে ভাষণে উত্তর কোরিয়াকে থামাতে নতুন বা সুনির্দিষ্ট কোনো ব্যবস্থা গ্রহণের কথা বলেননি ট্রাম্প।