২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে প্রাথমিকের অংক প্রশ্ন সোশাল মিডিয়ায় ভাইরাল

দৃশ্যত অসম্ভব এক অংক এসেছে চীনের এক প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির গণিত পরীক্ষায়; সমাধান বের করতে গিয়ে শিক্ষার্থীরা বিভ্রান্ত, সোশাল মিডিয়া ব্যবহারকারীরাও হয়ে উঠেছেন ব্যতিব্যস্ত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2018, 01:39 PM

Updated : 08 Apr 2022, 05:50 PM

শুনকিং জেলার ওই স্কুল কর্তৃপক্ষ তাদের পঞ্চম শ্রেণির গণিত পরীক্ষায় প্রশ্ন রেখেছে- একটি জাহাজে যদি ২৬টি ভেড়া আর ১০টি ছাগল থাকে, তাহলে সারেংয়ের বয়স কত?   

বিবিসি জানিয়েছে, ওই প্রশ্নপত্রের ছবির সঙ্গে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন উত্তর ভাইরাল হয়ে গেছে সোশাল মিডিয়ায়। সেই সঙ্গে চলছে তুমুল বিতর্ক।

চীনের শিক্ষা কর্মকর্তারা বলেছেন, তারা ভুল করে ওই প্রশ্ন রেখেছেন- তা ভাবার কারণ নেই। তাদের উদ্দেশ্য শিক্ষার্থীদের ভাবনার খোরাক যোগানো।   

আর ওই প্রশ্ন যে ছাত্রছাত্রীদের নানাভাবে ভাবিয়েছে, তা তাদের লেখা উত্তরেই স্পষ্ট।

একজন শিক্ষার্থী ওই প্রশ্নের উত্তরে লিখেছে- সারেংয়ের বয়স অন্তত ১৮ বছর। কারণ জাহাজ চালানোর অনুমতি পেতে প্রাপ্তবয়স্ক হতে হয়।

আরেকজন লিখেছে, সারেংয়ের বয়স ৩৬, কারণ ২৬ এর সঙ্গে ১০ যোগ করলে ৩৬ হয়।  

আরেক শিক্ষার্থী স্রেফ হাল ছেড়ে দিয়েছে।

“সারেংয়ের বয়স… আমি জানি না। আমি এটা বের করতে পারব না।”

সামাজিক যোগাযোগের মাধ্যম অবশ্য অন্যভাবে ভাবছে।

উইবুতে একজন লিখেছেন, এমন প্রশ্ন করার যুক্তিটা কী? যে শিক্ষক প্রশ্ন করেছেন, তিনি নিজে কি এর উত্তর জানেন?

আরেকজন পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন- একটি স্কুলে যদি ২৬ জন শিক্ষক থাকে, আর তাদের দশজন যদি বিষয়টা নিয়ে মাথাই না ঘামায়, তাহলে প্রিন্সিপালের বয়স কত?  

অবশ্য স্কুল কর্তৃপক্ষের পক্ষেও কেউ কেউ দাঁড়িয়েছেন। শিক্ষা কর্মকর্তাদের মত তারাও মনে করছেন, ওই প্রশ্ন শিক্ষার্থীদের চিন্তার ক্ষমতা বাড়াতে সাহায্য করবে।  

বিবিসি লিখেছে, চীনের সনাতন শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের সৃষ্টিশীল হওয়ার সুযোগ বন্ধ করে দেয় বলে সমালোচনা রয়েছে।

দেশটির শিক্ষা কর্মকর্তারাও বলছেন, এ ধরনের প্রশ্ন শিক্ষার্থীদের বৃত্তের বাইরে ভাবতে উৎসাহিত করবে।

এক উইবু ব্যবহারকারী ওই অংকের উত্তর খুঁজতে তার ভাবনাকে এগিয়ে নিয়েছেন আরও বেশি গাণিতিক যুক্তির পথে। 

তিনি হিসাব করে দেখিয়েছেন, প্রাপ্তবয়স্ক প্রাণীর গড় ওজন ধরলে ২৬টি ভেড়া আর ১০টি ছাগলের মোট ওজন হয় সাত হাজার ৭০০ কেজি। আর চীনে পাঁচ টনের বেশি কার্গোবাহী জাহাজ চালাতে গেলে অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা লাগে।

বোট লাইসেন্স পেতে গেলে চীনে বয়স হতে হয় অন্তত ২৩ বছর। সুতরাং ওই জাহাজের সারেংয়ের বয়স হবে অন্তত ২৮ বছর।