মুম্বাই হাসপাতালে এমআরআই মেশিনে পিষে যুবকের মৃত্যু
ভারতে মুম্বাইয়ের নায়ার চ্যারিটেবল হাসপাতালে এমআরআই করাতে গিয়ে ভয়ংকর দুর্ঘটনায় প্রাণ গেল রোগীর আত্মীয়ের। নাম রাজেশ মারু।
এনডিটিভি জানায়, শনিবার সন্ধ্যায় এক আত্মীয়কে এমআরআই করাতে নিয়ে গিয়েছিলেন ৩২ বছরের যুবক রাজেশ। এমআরআই স্ক্যানের প্রস্তুতি চলার সময়ই অক্সিজেন সিলিন্ডার নিয়ে রাজেশ সেই ঘরে ঢুকেন। সঙ্গে সঙ্গেই ধাতব সিলিন্ডার টেনে নেয় মেশিনের তরিৎচুম্বকীয় ক্ষেত্র।
প্রবল জোরে ধাক্কা খেয়ে রাজেশের হাত ঢুকে যায় মেশিনে। অক্সিজেন সিলিন্ডারও লিক হয়ে গ্যাস তার নাকমুখ দিয়ে ঢুকে পড়ে। ওই অবস্থাতেই রাজেশকে ভেতরের দিকে টানতে থাকে এমআরআই মেশিন। পিষে যায় তার দেহ।
রাজেশের চিৎকারে ছুটে আসেন হাসপাতালের কর্মীরা। মেশিন বন্ধ করে বের করে আনা হয় রক্তাক্ত রাজেশকে। কিন্তু, ততক্ষণ যা হওয়ার হয়ে গেছে। এমার্জেন্সিতে নিয়ে গেলেও মিনিট দশেকের মধ্যেই তার মৃত্যু হয়।
হাসপাতালের কর্মীদের অবহেলার কারণেই এ ঘটনা ঘটেছে, দাবি নিহতের পরিবারের।
রাজেশের আত্মীয় হরিশ সোলাঙ্কির অভিযোগ, ওয়ার্ড বয় তাদেরকে ভেতরে ডেকে নিয়ে যায়। তাকে অক্সিজেন সিলিন্ডার ভেতরে নেওয়া বারণ থাকার কথা বললেও সে জানায় ওতে কিছু হবে না, আর মেশিনও বন্ধ আছে। এমনকি চিকিৎসক বা টেকনিশিয়ানরাও কিছু বলেনি। তার পরেই ভেতরে ঢুকে ঘটে এ ঘটনা।
সোলাঙ্কি বলেন, এমআরআই করাতে মা’কে হাসপাতালে নেওয়ার পর তার শ্বাসকষ্টের কারণেই অক্সিজেন সিলিন্ডার আনতে বলা হয়েছিল। রাজেশ সেটি নিয়ে কক্ষে প্রবেশের সঙ্গে সঙ্গেই বোঝা যায় যে, মেশিনটি আসলে চলছে। ধাতব সিলিন্ডারের কারণে মেশিনের চৌম্বকক্ষেত্র সক্রিয় হয়ে ওঠে।
শুধু অক্সিজেন সিলিন্ডার নয়, কোনো ধরনের ধাতব বস্তু নিয়ে এমআরই কক্ষে প্রবেশ নিষিদ্ধ। কারণ, এমআরআই মেশিনের চৌম্বকক্ষেত্র সেটাকে টেনে নেবে। তারপরও কেন রাজেশকে ওই ঘরে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যেতে বলা হল তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এ ঘটনায় ডা. সিদ্ধান্ত শাহ, ওয়ার্ড বয় ভিত্তল চাভান, ওয়ার্ড সহকারী সুনীতা সুরভের বিরুদ্ধে অবহেলার কারণে নরহত্যার অভিযোগ এনে একটি মামলা হয়েছে।
তাদের সবাইকে গ্রেপ্তার করছে পুলিশ। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখছে।
