২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে বিমান হামলায় স্বপক্ষের ১১ জন নিহত

ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইরত যুক্তরাষ্ট্রে নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলায় ইরাকি নিরাপত্তা বাহিনীর ১০ সদস্য ও স্থানীয় এক কর্মকর্তা নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2018, 11:00 AM

Updated : 08 Apr 2022, 05:49 PM

শনিবার রাজধানী বাগদাদের ১৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে আল বাগদাদি শহরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ইরাকি কর্মকর্তারা, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ইরাকের সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে, স্থানীয় পুলিশ বাহিনীর একটি দলকে জঙ্গি ভেবে তাদের বিরুদ্ধে বিমান হামলা চালানোর জন্য বার্তা পাঠিয়েছিল ইরাকি বাহিনী। 

এক বিবৃতিতে ইরাকের সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, আইএসের এক সন্দেহভাজনকে গ্রেপ্তারের জন্য ওই এলাকায় ইরাকি সেনাবাহিনীর একটি দলকে পাঠানো হয়েছিল, কিন্তু তাদের সঙ্গে কোনো সমন্বয় না করেই স্থানীয় পুলিশের একটি দল ওই এলাকায় উপস্থিত হয় এবং তারাই বিমান হামলার মুখে পড়ে।

তিনি জানান, সেনাবাহিনীর দলটি ওই সন্দেহভাজনকে গ্রেপ্তার করে এলাকা ছেড়ে আসার সময় বিমান হামলার সহায়তা চেয়ে পাঠিয়েছিল।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, ইরাকি নিরাপত্তা বাহিনীর অনুরোধেই তারা বিমান হামলাগুলো চালিয়েছে।

মুখপাত্র যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর কর্নেল রায়ান ডিলন এক টুইটে বলেছেন, “যে কোনো এবং সব ধরনের সহায়তা ইরাকের অনুরোধ/অনুমোদনের পরই দেওয়া হয়; জোট বাহিনী ইরাকে একতরফভাবে কোনো অভিযান চালায় না।” 

২০১৪ সালে ইরাক ও সিরিয়ার বেশ কয়েকটি অঞ্চলজুড়ে নিজেদের ‘খিলাফত’ ঘোষণা করেছিল আইএস। গত মাসে এই জঙ্গিগোষ্ঠীটির বিরুদ্ধে জয় ঘোষণা করেছে ইরাকি সরকার।

সম্মুখ লড়াইয়ে পরাজিত হওয়ার পর আইএসের সদস্যরা আত্মগোপন করে গেরিলা লড়াই ও বিচ্ছিন্নভাবে হামলা চালানো শুরু করেছে।