২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে বিপ্লবী রক্ষীবাহিনীর সঙ্গে আইএসের সংঘর্ষ

ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর সঙ্গে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের সংঘর্ষ হয়েছে বলে খবর পাওয়া গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2018, 08:00 PM

Updated : 08 Apr 2022, 05:48 PM

শনিবার দেশটির পশ্চিমাঞ্চলে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিপ্লবী রক্ষীবাহিনীর দাপ্তরিক নিউজ সাইট সেপাহ নিউজ, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

সেপাহ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আইএসের ২১ জনের একটি দল পশ্চিমাঞ্চলীয় সীমান্ত পাড়ি দিয়ে ইরানে প্রবেশ করে, রক্ষীবাহিনী তাদের নজরদারীতে রাখে এবং শনিবার সকালে তাদের ওপর হামলা চালায়।

অধিকাংশ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে; কিন্তু সংঘর্ষে কতজন নিহত বা আহত হয়েছে প্রতিবেদনে সে সম্পর্কে কিছু বলা হয়নি।

গত জুনে রাজধানী তেহরানে ইরানি পার্লামেন্টে ও ইসলামিক প্রজাতন্ত্রটির প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেইনির মাজারে হামলা চালিয়েছিল আইএস। ওই হামলায় অন্তত ১৮ জন নিহত এবং বহু আহত হয়।

ওই হামলাকারীরা সবাই ইরানি কুর্দি এবং তারা সবাই দেশটির ইরাক সীমান্তের নিকটবর্তী কুর্দিস্তান অঞ্চল থেকে এসেছিল। ওই হামলার জেরে ১৮ জুন সিরিয়ায় আইএসের ঘাঁটি লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল বিপ্লবী রক্ষীবাহিনী।