ডাভোসে ট্রাম্পকে দুয়ো ধ্বনি
ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে গিয়ে বরাবরের মতো গণমাধ্যমকে আক্রমণ করার পর সাংবাদিকদের দুয়ো ধ্বনি শুনতে হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।
শুক্রবার সুইজারল্যান্ডের শহরটিতে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক বৈঠকে ভাষণ দেওয়ার পর সংবাদ সম্মেলনে আসেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
ট্রাম্প বলেন. “মিডিয়া কত খারাপ, কত নীচ, কত ক্রুর, কত ভুয়া হতে পারে, সেটা আমি রাজনীতিতে নামার পরই বুঝলাম।”
ট্রাম্প গত বছর প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার আগে থেকে গণমাধ্যমের সঙ্গে তার রেষারেষি চলছে। গত এক বছরে তার মুখ থেকে উচ্চারিত ‘ফেইক নিউজ’ এখন একটি আলোচিত শব্দ।
ডাভোসে ট্রাম্পের মুখে ফেইক নিউজ শোনার পর সাংবাদিকদের মধ্যে হাসির রোল পড়ে।
এর মধ্যে যুক্তরাষ্ট্র বাদে অন্য দেশগুলোর সাংবাদিকরা দুয়ো ধ্বনি দেন বলে ওয়াশিংটন পোস্টের সাংবাদিক ইশান থারুরকে উদ্ধৃত করে জানিয়ে ব্রিটিশ দৈনিক ইনডিপেনডেন্ট।
ট্রাম্পকে গণমাধ্যমকে আক্রমণের পর বলে যান, তবে তারা ততটা খারাপ পরিস্থিতি তৈরি করতে পারেনি, যে কারণ তিনি এখন প্রেসিডেন্ট।
ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ডোনাল্ড ট্রাম্প- ছবি: রয়টার্স
ফোরামের উদ্বোধন অনুষ্ঠানে ভাষণে ট্রাম্প তার দায়িত্ব নেওয়ার সময় ঘোষিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতির ব্যাখ্যা হাজির করেন।
তিনি বলেন, “অন্য সব দেশের নেতারা যেমন যার যার দেশকে এগিয়ে রাখেন, আমিও তেমনি আমেরিকাকে এগিয়ে রখি।
তবে আমেরেকা ফার্স্ট মানে এই নয় যে শুধুই আমেরিকা। যখন যুক্তরাষ্ট্র এগিয়ে যায়, তখন পুরো বিশ্বই এগিয়ে যায়।”
আমেরিকার বাণিজ্য দুয়ার সবার জন্য খোলা বলেও জানান ট্রাম্প।
তিনি দাবি করেন, এক বছর আগে তিনি দায়িত্ব নেওয়ার পর ২৪ লাখ নতুন চাকরি সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্রে।
