অস্ট্রেলিয়ায় রঙ ঢেলে নষ্ট করা হল ক্যাপ্টেন কুকের মূর্তি
অস্ট্রেলিয়ার মেলবোর্নে ব্রিটিশ অভিযাত্রী ক্যাপ্টেন জেমস কুকের একটি ভাস্কর্যে রঙ ঢেলে নষ্ট করে দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার মূর্তিটির মাথা এবং শরীরের বিভিন্ন অংশ রঙ মাখা অবস্থায় পাওয়া যায় বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। সেখানে গ্রাফিতিতে আঁকা ছিল আদিবাসী পতাকা ও ‘আমরা গণহত্যাকে স্মরণে রাখি’ লেখা।
শুক্রবার দেশটিতে ব্রিটিশ উপনিবেশ স্থাপনের বার্ষিকী; ১৭৭৮ সালের ২৬ জানুয়ারি প্রথম একটি ব্রিটিশ নৌযান সিডনি উপসাগরে উপস্থিত হয়েছিল। অন্যদিকে ক্যাপ্টেন কুক অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে প্রথম পা রাখেন ১৭৭০ সালে।
বিবিসি বলছে, আদিবাসীদের সংবেদনশীলতার কারণে দেশটিতে ‘অস্ট্র্রেলিয়া ডে’ নিয়ে তুমুল বিতর্ক আছে।
বিবিসি বলছে, সাম্প্রতিক বছরগুলোতে সরকার নানা আয়োজন ও পরিকল্পনায় ধুমধাম করে ২৬ জানুয়ারি পালনের উদ্যোগ নিলেও আদিবাসীরা দিবসটির জন্য ভিন্ন কোনো তারিখ বেছে নেওয়ার আহ্বান জানিয়ে আসছে। তারা বলেছে, ২৬ জানুয়ারির উদযাপন তাদের আঘাত করে।
মেলবোর্নে কুকের মূর্কি নষ্ট করার ঘটনাকে ‘লজ্জাজনক’ অ্যাখ্যা দিয়েছে অস্ট্রেলীয় সরকার।
“এটি আমাদের জাতীয় ঐতিহ্যের মর্যাদা নষ্ট করেছে, অবশ্যই এর বিচার হওয়া উচিত,” টুইটারে বলেন দেশটির নাগরিকত্ব ও বহুসংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যালান টুজ।
পুলিশ বলছে তারা কুকের মূর্তি নষ্ট করার ঘটনার তদন্ত শুরু করেছে; অবশ্য এখনও কোনো সন্দেহভাজনকে চিহ্নিত করা যায়নি।
গত বছরও সিডনিতে ক্যাপ্টেন কুকের একটি মূর্তির মর্যাদাহানির ঘটনা ঘটেছিল। ভাস্কর্যটিতে মিলেছিল ‘দিন বদলাও’ এবং ‘গণহত্যায় গৌরব নেই’ বার্তা।
মূর্তিটির ফলকে থাকা ‘এই ভূখণ্ড আবিষ্কার করুন’ লেখা নিয়ে তুমুল বিতর্কের মধ্যে সেটি নষ্ট করে ফেলার ঘটনা ঘটেছিল।
প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল তখন এ ঘটনার সঙ্গে স্টালিন আমলের সোভিয়েত রাশিয়ার তুলনা দিয়েছিলেন।
“যখন কোনো স্টালিন অনুসারীর পতন ঘটত, তখন কেবল তাকে ফাঁসিই দেয়া হত না, সব দাপ্তরিক ছবি থেকেও তাদের সরিয়ে ফেলা হত, তারা হয়ে যেতেন কখনোই ছিলেন না এমন কেউ। কেবলমাত্র তাদের জীবনই কেড়ে নেওয়া হত না, তারা উধাও হয়ে যেতেন স্মৃতি ও ইতিহাস থেকে। উপনিবেশ যুগের অভিযাত্রী কিংবা গভর্নরদের ছবি ছেঁড়া কিংবা মূর্তির সৌন্দর্যহানির সঙ্গে সেসময়ের কোনো পার্থক্য নেই,” বলেছিলেন টার্নবুল।
