২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএসের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার অভিযান বন্ধের ঘোষণা

ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে অভিযান বন্ধের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2017, 12:47 PM

Updated : 12 Apr 2022, 12:58 AM

গত প্রায় তিন বছর ধরে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের অংশ হিসেবে ইরাক ও সিরিয়ায় আইএসের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে অস্ট্রেলিয়া।

বিবিসি জানায়, অস্ট্রেলিয়া তাদের ছয়টি জঙ্গি বিমান ফিরিয়ে নেবে। তবে ইরাক সরকারের অনুরোধে দেশটির জ্বালানি পরিবাহী এবং নজদারি বিমান সেখানে থেকে যাবে।

সম্প্রতি ইরাক আইএসের বিরুদ্ধে যুদ্ধ জয়ের ঘোষণা দিয়েছে। যার পরিপ্রেক্ষিতে সেখানে অভিযানের সমাপ্তি টানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শুক্রবার জানান অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী মেরি পেনি।

ইরাক ও অন্যান্য মিত্র দেশের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটে অস্ট্রেলিয়ার ৭৮০জন সেনা ইরাক ও সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী এ অভিযানকে দীর্ঘ এবং ‘নিষ্ঠুর’ বর্ণনা করে এতে অংশ নেওয়া অস্ট্রেলিয়ার সেনাদের ধন্যবাদ দিয়েছেন।

দুই সপ্তাহ আগে ইরাকের প্রধানমন্ত্রী হাইদার আল-আবাদি বাগদাদে এক সংবাদ সম্মেলনে ইরাক-সিরিয়া সীমান্তে সেনাবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ঘোষণা দেন।

যদিও কোথাও কোথাও এখনও সম্মুখ লড়াই অব্যাহত আছে।