২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাফিজ সাঈদের সবচে' বড় সমর্থক পারভেজ মুশাররফ!

পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মুশাররফ প্রকাশ্যে নিজেকে জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বা এবং এর প্রতিষ্ঠাতা হাফিজ সাঈদের ‘সবচেয়ে বড় সমর্থক’ বলে ঘোষণা করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2017, 10:43 PM

Updated : 12 Apr 2022, 12:48 AM

এনডিটিভি’র খবরে বলা হয়, ভারতের মুম্বাইয়ে হামলার সন্দেহভাজন মূলহোতা হাফিজ ও লস্কর-ই-তৈয়বা (এলইটি) ‘কাশ্মিরে সক্রিয়’ এবং তাদের ওই কার্যক্রম তিনি সমর্থন করেন বলেও জানান মুশাররফ।

বর্তমানে দুবাইয়ে স্বেচ্ছা নির্বাসনে আছেন মুশাররফ। সম্প্রতি ২৩টি রাজনৈতিক দল নিয়ে একটি মহাজোট ঘোষণা করেছেন তিনি।

পাকিস্তানের এআরওয়াই নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “তারা (এলইটি) বিশাল বড় বাহিনী। যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মিলিয়ে ভারত এলইটি’কে জঙ্গি সংগঠন ঘোষণা করেছে। হ্যাঁ তারা কাশ্মিরে সক্রিয়। কিন্তু কাশ্মির আমাদের আর ভারতের মধ্যকার বিষয়।”                    

লস্কর-ই-তৈয়বা সংশ্লিষ্ট দল জামাত–উদ–দাওয়াও তাকে পছন্দ করে বলে জানান মুশাররফ। এ দলটির প্রতিষ্ঠাতাও সাঈদ হাফিজ।

পাকিস্তানে লস্কর-ই-তৈয়বা নিষিদ্ধ গোষ্ঠী এবং মুশাররফ সরকারের আমলেই এ দল নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছিল। এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে মুশাররফ বলেন, তখন ভিন্ন পরিস্থিতিতে দলটিকে নিষিদ্ধ করা হয়েছিল। এ ব্যাপারে তিনি বিস্তারিত আর কিছু বলেননি।

২০০৮ সালে মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১৬০ জনের বেশি মানুষ নিহত হয়। ভারতের দাবি, হাফিজ সাঈদ ওই হামলার মূল পরিকল্পনাকারী। যদিও সাঈদ শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছেন।

সন্ত্রাস বিরোধী আইনে পাকিস্তানের পাঞ্জাব প্রাদেশিক সরকারের আবেদনে গত জানুয়ারিতে সাঈদকে গৃহবন্দি করে রাখার আদেশ দিয়েছিল আদালত।

পরে প্রাদেশিক সরকারের পক্ষ থেকে লাহোর হাইকোর্টে সাঈদের গৃহবন্দিত্বের মেয়াদ আরও ৬০ দিন বাড়ানোর আবেদন করা হলেও আদালত তা নাকচ করে দেয়।

গত সপ্তাহে লাহোর হাইকোর্ট সাঈদকে মুক্তির নির্দেশ দেয়। মুক্তি পাওয়ার পর এক ভিডিও বার্তায় তিনি বলেন, লাহোর আদালতের আদেশে প্রমাণ হয়েছে মুম্বাই হামলায় তার জড়িত থাকার অভিযোগ মিথ্যা।

“ভারত সবসময় আমাকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে আসছে। কিন্তু উচ্চ আদালতে প্রমাণ হয়েছে, সবই তাদের অপপ্রচার।”

সাঈদকে ধরতে যুক্তরাষ্ট্রের এক কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করা আছে।