২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুগাবের জন্মদিনকে সরকারি ছুটির দিন ঘোষণা

সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবের জন্মদিন ২১ ফেব্রুয়ারিকে জাতীয় যুব দিবস ঘোষণা করে ওইদিন সরকারি ছুটি দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে জিম্বাবুয়ে সরকার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2017, 10:06 PM

Updated : 12 Apr 2022, 12:48 AM

স্থানীয় দৈনিকের বরাত দিয়ে সোমবার বিবিসি এ খবর জানায়।

‘দ্য হেরাল্ড’ এর প্রতিবেদনে বলা হয়, জানু-পিএফ ইয়ুথ লীগের জোরাল দেনদরবারে গত অগাস্টে জিম্বাবুয়ে সরকার মুগাবের জন্মদিনকে সরকারি ছুটি ঘোষণার প্রস্তাব গ্রহণ করে।

কিন্তু খাতা-কলমে শুক্রবার আনুষ্ঠানিকভাবে ওই প্রস্তাব গ্রহণ করা হয়।

সেনা অভ্যুত্থান ও গণবিক্ষোভসহ নানা নাটকীয়তার মধ্য দিয়ে ২১ নভেম্বর পদত্যাগ করেন মুগাবে। ২৪ নভেম্বর নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন এমারসন এমনানগাওয়া।

এ সপ্তাহে এমনানগাওয়া নতুন মন্ত্রিসভা গঠন করবেন বলে ধারণা করা হচ্ছে।

কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানায়, স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে এখনও রাজধানী হারারের সড়কগুলোতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল পাহারা দিচ্ছে।

গত একমাস ধরে রাজনৈতিক অঙ্গনে বিশৃঙ্খলার সুযোগ নিয়ে অনেকে লুটপাট ও অবৈধভাবে ফার্ম বা বাড়ির মত স্থাবর সম্পত্তির দখল নিচ্ছে বলে বেশ কয়েকটি অভিযোগ উঠছে।

মুগাবের পদত্যাগের ঘোষণার পরপরই জিম্বাবুয়ে পুলিশ কার্যত অদৃশ্য হয়ে পড়েছিল। তবে ধীরে ধীরে তারা কাজে যোগ দিতে শুরু করেছে বলে জানায় বিবিসি।

গেরিলা নেতা মুগাবের নেতৃত্বেই ১৯৮০ সালে স্বাধীন হয় জিম্বাবুয়ে, যিনি জাতির পিতা।

মুগাবে সম্পর্কে নতুন প্রেসিডেন্ট এমনানগাওয়া বলেন, “জিম্বাবুয়ের প্রতিষ্ঠাতা ও নেতা হিসেবে সাবেক প্রেসিডেন্টকে তার যোগ্য সম্মান ও স্বীকৃতি দেওয়া প্রয়োজন।”

“ব্যক্তিগতভাবে তিনি আমার কাছে জনক, পথপ্রদর্শক, সেনাপ্রধান এবং আমার নেতা হয়ে থাকবেন।”