জিম্বাবুয়ের সাবেক অর্থমন্ত্রীর বিচার শুরু
দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে জিম্বাবুয়ের সাবেক অর্থমন্ত্রী ইগনাটিয়াস চোম্বোর বিচার শুরু হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, শনিবার তাকে হারারের একটি আদালতে হাজির করা হয়।
গত ১৪ নভেম্বর সেনাবাহিনী জিম্বাবুয়ের নিয়ন্ত্রণ নেওয়ার পর সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবে প্রশাসনের প্রভাবশালী যে কয়েকজন কর্মকর্তাকে আটক করা হয় তাদের একজন চোম্বো।
প্রায় দুই সপ্তাহ আগে আটক হওয়ার পর এই প্রথম চোম্বোকে জনসম্মুখে দেখা গেল। গাঢ় নীল রঙের স্যুট পরে আদালতে হাজির হয়েছিলেন তিনি।
চোম্বোর আইনজীবীর দাবি, আটক অবস্থায় তাকে শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে এবং অসুস্থ হয়ে পড়ায় শুক্রবার তাকে হাসপাতালে ভর্তিও করা হয়েছিল।
যদিও বাহ্যিকভাবে তার শরীরে আঘাতের চিহ্ন বোঝা যায়নি বলে জানায় রয়টার্স।
একমাস ধরে নানা নাটকীয়তার মধ্য দিয়ে জিম্বাবুয়েতে ক্ষমতার পালাবদল হয়েছে।
স্বাধীনতার পর গত ৩৭ বছর ধরে জিম্বাবুয়ে শাসন করা ‘গেরিলা নেতা’ রবার্ট মুগাবে চাপের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট এমারসন এমনানগাওয়া নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন।
