গুলেনকে অপহরণ চেষ্টার অভিযোগ হাস্যকর: তুরস্ক
লাখ লাখ ডলারের বিনিময়ে হোয়াইট হাউজের সাবেক নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন যুক্তরাষ্ট্র প্রবাসী তুর্কি ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনকে গোপনে জোর করে তুরস্কের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করেছিলেন বলে খবর প্রকাশ পেয়েছে।
যদিও ওয়াশিংটনে অবস্থিত তুরস্কের দূতাবাস থেকে ওয়াল স্ট্রিট জার্নালের এই অভিযোগ অস্বীকার করে বলে, এটা ‘ডাহা মিথ্যা, হাস্যকর এবং ভিত্তিহীন’ খবর।
ওয়াল স্ট্রিট জার্নালের খবর অনুযায়ী, ফ্লিন একটি ব্যক্তি মালিকানাধীন উড়োজাহাজে করে গুলেনকে তুরস্ক নিয়ন্ত্রিত দ্বীপ ইমরালির কারাগারে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করেছিলেন।
এ কাজের জন্য মোটা অংকের অর্থ দেওয়ার প্রস্তাবও ছিল বলে খবরে দাবি করা হয়।
বিবিসি জানায়, সিআইএ’র সাবেক পরিচালক জেমস উলসি এ বছর মার্চে ফেতুল্লাহ গুলেনকে সরিয়ে ফেলার ওই পরিকল্পনা উন্মোচন করেন।
তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়েপ এরদোয়ানের দাবি, গুলেনই ২০১৬ সালের জুলেইয়ে দেশটির ব্যর্থ অভ্যূত্থানের মূল পরিকল্পনাকারী।
তুর্কি দূতাবাসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “(অভ্যূত্থানের পর) তুরস্কের জনগণ তাৎক্ষণিকভাবে ফেতুল্লাহ গুলেনকে যুক্তরাষ্ট্র থেকে তুরস্কে ফিরিয়ে আনতে চেয়েছিল, যাতে তাকে বিচারের মুখোমুখি করা যায়।”
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বসবাস করেন গুলেন। এরদোয়ান সব সময়ই যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের কাছে গুলেনকে বহিঃসমর্পণের আহ্বান জানিয়ে আসছেন।
ওয়াল স্ট্রিটের প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালের সেপ্টেম্বরে গুলেনকে বহিঃসমর্পণের বিষয়ে আলোচনার জন্য তুরস্কের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন ফ্লিন।
এ খবর ‘গুজব’ বলে উড়িয়ে দেন ফ্লিনের আইনজীবী রবার্ট কেলনার।
এদিকে মার্চে সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে উলসি বলেছিলেন, ২০১৬ সালের সেপ্টেম্বরে ফ্লিন ইন্টেল গ্রুপের সঙ্গে তুরস্কের কর্মকর্তাদের বৈঠক হয়েছে।
যদিও কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়, ফ্লিন তুরস্কের কর্মকর্তাদের সঙ্গে বেআইনী কোনো কাজ করার বিষয়ে আলোচনা করেননি।
