ছোট বিমানের জন্য মহাশূন্যগামী রকেট উৎক্ষেপণ বাতিল
সংরক্ষিত আকাশসীমায় একটি ছোট বিমান ঢুকে পড়ার পর একেবারে শেষ মুহূর্তে একটি রকেট উৎক্ষেপণ বাতিল করতে বাধ্য হয়েছেন মার্কিন কর্মকর্তারা।
শনিবার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় এ ঘটনা ঘটে বলে বিবিসি জানিয়েছে।
মানুষবিহীন রকেটটিতে সাড়ে তিন হাজার কেজি ওজনের খাবার, যন্ত্রপাতি ও বৈজ্ঞানিক গবেষণার উপকরণসহ বিভিন্ন ধরনের সামগ্রী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পাঠানো হচ্ছিল।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে ১৯০ কোটি ডলারের চুক্তির বিনিময়ে বেসরকারি কোম্পানি ‘অর্বিটাল এটিকে’ আইএসএসে সরবরাহ পাঠাতে ওই রকেটটি উৎক্ষেপণ করার প্রস্তুতি নিয়েছিল। উৎক্ষেপণের আগে লাইভ আপডেটে সবকিছুর জানানও দিচ্ছিল তারা।
শুরুতে সব ঠিকঠাক থাকলেও উৎক্ষেপণের ঠিক আগ মুহূর্তে ওয়ালপস আইল্যান্ডের কাছে সংরক্ষিত আকাশসীমার ৫০০ ফুটের মধ্যে একটি ছোট বিমান দেখে উৎক্ষেপণে নিয়োজিত কর্মকর্তারা ‘বাতিল, বাতিল, বাতিল!’ বলে ঘোষণা দেন।
রোববার স্থানীয় সময় সকাল ৭টা ১৪ মিনিটে রকেটটি ফের উৎক্ষেপণের ঘোষণা দিয়েছে অরবিটাল এটিকে।
“সংরক্ষিত আকাশসীমায় বিমান এসে পড়ার আগ পর্যন্ত কোনো সমস্যাই ছিল না। আগামীকাল সকালের জন্য প্রস্তুত আমরা,” বলেছে তারা।
