২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলে গোপন বৈঠক: পদ ছাড়তে হল ব্রিটিশ মন্ত্রীকে

ইসরায়েলের প্রধানমন্ত্রীসহ দেশটির প্রভাবশালী নেতাদের সঙ্গে ‘এখতিয়ার বহির্ভূত’ বৈঠক নিয়ে তীব্র সমালোচনার মধ্যে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী প্রীতি প্যাটেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লন্ডন প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2017, 10:08 AM

Updated : 11 Oct 2022, 02:43 PM

ছুটিতে ব্যক্তিগত সফরে ইসরায়েলে গিয়ে গত অগাস্টে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ দেশটির কয়েকডজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে গোপনে বৈঠক করেন প্রীতি প্যাটেল, যাকে কনজারভেটিভ পার্টির একজন উদীয়মান রাজনীতিবিদ হিসেবে দেখা হচ্ছিল।

রাষ্ট্রীয় প্রেটোকল ভেঙে কর্তৃপক্ষকে না জানিয়ে ওই বৈঠক করা নিয়ে যুক্তরাজ্যে তুমুল সমালোচনা শুরু হলে বুধবার প্রধানমন্ত্রী টেরিজা মের সঙ্গে দেখা করে পদত্যাগপত্র দেন প্রীতি প্যাটেল।

গত সপ্তাহে প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালনের পর আরেক ব্রিটিশ মন্ত্রীর পতন ঘটল সমালোচনার মধ্যে।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যমগুলো লিখেছে, সরকারি সফরে দক্ষিণ আফ্রিকায় ছিলেন প্রীতি প্যাটেল। কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশে সফর সংক্ষিপ্ত করে বুধবার সন্ধ্যায় তিনি লন্ডনে ফেরেন এবং বিমানবন্দর থেকে সরাসরি ডাউনিং স্ট্রিটে যান প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে।

টেরিজা মের সঙ্গে প্রায় পৌনে এক ঘণ্টা বৈঠকের পর পদত্যাগপত্র দেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী।

সেখানে তিনি স্বীকার করে নেন, ইসরায়েলে যেভাবে তিনি প্রভাবশালী বক্তিদের সঙ্গে বৈঠক করেছেন, তা স্বচ্ছতার মানদণ্ডে পড়ে না। এ কারণে পদত্যাগপত্রে দুঃখও প্রকাশ করেন তিনি।

পরে প্রধানমন্ত্রী টেরিজা মে ওই পদত্যাগপত্র গ্রহণ করার কথা জানিয়ে বলেন, প্রীতি প্যাটেল সঠিক সিদ্ধান্তই নিয়েছেন।

কেন এই বিতর্ক 

প্রীতি প্যাটেল তার ইসরায়েল সফরে দেশটির একটি প্রধান রাজনৈতিক দল ও কয়েকটি সংস্থার সঙ্গেও বৈঠক করেন। ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাতের সময় যুক্তরাজ্যের সরকারি বিষয় নিয়েও আলোচনা হয়।

কিন্তু এই সফর ও আলোচনার বিষয়ে যুক্তরাজ্যের ফরেন অফিসের কর্মকর্তাদের পুরোপুরি অন্ধকারে রাখেন প্রীতি প্যাটেল, যা সরকারি প্রটোকলের স্পষ্ট লঙ্ঘন।

ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠকের বিষয়টি জানাজানি হলে সোমবার ডাইনিং স্ট্রিটের এক বিবৃতিতে বলা হয়, প্রীতি প্যাটেল ব্যক্তিগত ছুটি কাটাতে নিজ খরচে ইসরায়েলে গিয়েছিলেন এবং সেখানে কিছু মানুষের সঙ্গে সাক্ষাতের সুযোগ নেন।

কিন্তু যুক্তরাজ্য পার্লামেন্টের বিরোধী দল লেবার পার্টি পুরো সফরের বিষয়টি তদন্তের দাবি জানায়। প্রীতি প্যাটেল মন্ত্রিত্বের নীতিমালা ও লবিংয়ের নিয়মকানুন লঙ্ঘন করেছেন কিনা- তা খতিয়ে দেখার দাবিও ওঠে।

কনজারভেটিভ ফ্রেন্ডস অব ইসরায়েলের সাবেক ভাইস চেয়ার প্রীতি প্যাটেল ইসরায়েলি প্রভাবশালীদের সঙ্গে সাক্ষাতের পর দেশে ফিরে ইসরায়েলি সেনাবাহিনীর জন্য যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন তহবিল থেকে বৈদেশিক সাহায্য বরাদ্দের সুপারিশ করেন।

গোলান মালভূমিতে ইসরায়েলি সেনাদের মানবিক সেবা কার্যক্রমে অর্থ বরাদ্দ দেওয়া যায় কিনা- তাও বিবেচনার অনুরোধ করেন নিজের মন্ত্রণালয়ের কাছে।

গোপন বৈঠকের পর ওই সুপারিশের মধ্য দিয়ে প্রীতি প্যাটেল নৈতিকতা লঙ্ঘন করেছেন বলে বিরোধীদের অভিযোগ।

ব্রিটিশ রাজনীতির উদীয়মান তারকা

গুজরাটি বংশোদ্ভূত প্রীতি প্যাটেলের জন্ম ১৯৭২ সালের ২৯ মার্চ, লন্ডনে। তার বাবা-মা উগান্ডা থেকে ব্রিটেনে আসেন।

এসেক্স ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নেওয়া প্রীতি ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত সময়ে কনজারভেটিভ পার্টির তখনকার নেতা উইলিয়াম হেগের ডেপুটি প্রেস সেক্রেটারি ছিলেন।

তিনি প্রথম এমপি নির্বাচিত হন ২০১০ সালের সাধারণ নির্বাচনে। ২০১৪ সালে ডেভিড ক্যামেরনের মন্ত্রিসভায় ট্রেজারি মিনিস্টারের দায়িত্ব পান। ২০১৫ সালের নির্বাচনের পর তাকে দেওয়া হয় কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব। 

২০১৬ সালের গণভোটে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে আসার পক্ষে যারা নেতৃত্বে ছিলেন, প্রীতি প্যাটেল ছিলেন তাদের অন্যতম। বিশেষ করে ব্রেক্সিটের পক্ষে বাঙালি ও এশীয় কমিউনিটির সমর্থন আদায়ে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

সে সময় তিনি বলেছিলেন, ব্রেক্সিট হলে লন্ডনে বাংলাদেশি ও ভারতীয় রান্নার রেস্তোরাঁগুলোতে কর্মী আনা সহজ হবে এবং যুক্তরাজ্যের অভিবাসন নীতিতে সার্বিকভাবে ইতিবাচক প্রভাব পড়বে। 

কিন্তু ব্রেক্সিটের পক্ষে গণরায়ের পর প্রীতি প্যাটেল এ বিষয়ে আর কোনো কথা না বলায় বাংলাদেশি ব্যবসায়ীদের সমালোচনার মুখে পড়েন প্রীতি প্যাটেল।