ইরানের রকেট সরবরাহ সামরিক আগ্রাসন: সৌদি যুবরাজ
ইয়েমেনের বিদ্রোহী বেসামরিক বাহিনীর কাছে ইরানের রকেট সরবরাহকে ‘সরাসরি সামরিক আগ্রাসন’ হিসেবে বিবেচনা করা হবে বলে মন্তব্য করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
মঙ্গলবার যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলার সময় মোহাম্মদ এ মন্তব্য করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ, খবর বার্তা সংস্থা রয়টার্সের।
প্রতিবেদনে আরো বলা হয়, ইয়েমনের হুতি বিদ্রোহীদের ইরানের রকেট সরবরাহ ‘সৌদি আরবের বিরুদ্ধে যুদ্ধের শামিল’ বলেও মন্তব্য করেছেন মোহাম্মদ।
শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশা খালেদ বিমানবন্দরের কাছে হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী। কোনো হতাহতের ঘটনা ছাড়াই রিয়াদের বিমানবন্দরের কাছে ওই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটিকে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছিল সৌদি আরব।
এর পরপরই ইরান থেকে হুতি বিদ্রোহীদের কাছে অস্ত্র সরবরাহ বন্ধ করতে ইয়েমেনের সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দরগুলো বন্ধ করে দেয় ইয়েমেনে যুদ্ধরত সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট বাহিনী।
