২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর প্রদেশে ‘গরুকে আঘাত করার সাহস করবে না কেউ’

গরুর সঙ্গে নির্দয় আচরণকে প্রশ্রয় দেওয়া যে কোনো ব্যক্তিকে কারাগারে পাঠানো হবে বলে সতর্ক করেছেন ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2017, 02:41 PM

Updated : 12 Apr 2022, 12:40 AM

সোমবার ওই রাজ্যে বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) গোরক্ষা বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে এই সতর্কবার্তা উচ্চারণ করেন তিনি, খবর এনডিটিভির। 

গো-হত্যার কথা মুখেও না এনে অনুষ্ঠানে বিজেপি দলীয় এই মুখ্যমন্ত্রী বলেন, “গরুর সঙ্গে নির্দয় আচরণকে প্রশয় দেওয়া যে কোনো ব্যক্তি নিজেকে কারাগারে খুঁজে পাবে।”

উত্তর প্রদেশ থেকে গরুর মাংস রপ্তানি করা হচ্ছে না বলে ভাষণে জোরালোভাবে জানান তিনি।

বলেন, “উত্তর প্রদেশ থেকে বিপুল পরিমাণ গরুর মাংস রপ্তানি হচ্ছে এটি বলা পুরোপুরি ভুল ও অসত্য। উত্তর প্রদেশ থেকে তিল পরিমাণও গরুর মাংসও রপ্তানি করা যায় না। উত্তর প্রদেশে এটি নিষিদ্ধ হওয়ায় কারোই এটি করার আস্পর্ধা নেই।” 

উত্তর প্রদেশে তার সরকারই প্রথমবারের মতো অবৈধ কসাইখানাগুলো নিষিদ্ধ করেছে বলে জানান আদিত্যনাথ।

রাজ্যে গবাদিপশুদের জন্য চারণভূমি শনাক্ত করা হচ্ছে এবং দখলকৃত চারণভূমিগুলো মুক্ত করার জন্য কর্তৃপক্ষগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। 

চলতি বছরের ৮ মার্চ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরপরই কট্টর হিন্দুত্ববাদী নেতা আদিত্যনাথ যত দ্রুত সম্ভব অবৈধ কসাইখানা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।