২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উ. কোরিয়াকে নিরস্ত্র করার একমাত্র পথ আগ্রাসন: পেন্টাগন

কেবলমাত্র মার্কিন স্থলবাহিনী পাঠিয়ে উত্তর কোরিয়ায় ঢুকেই তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি পুরোপুরি ধ্বংস করা যাবে বলে জানিয়েছে পেন্টাগন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2017, 11:57 PM

Updated : 25 Jul 2022, 09:06 PM

যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের পক্ষ থেকে রিয়ার অ্যাডমিরাল  মাইকেল ডুমন্ট এক চিঠিতে কংগ্রেস সদস্য টেড লিউকে পেন্টাগনের এ মতামত জানান।

ডুমন্ট বলেন, এমনকি এ কারণে সম্ভাব্য ক্ষয়ক্ষতির ‘নূন্যতম অনুমান করাও’ খুব কঠিন হবে। অভিযান শুরু হলে প্রথম কয়েক ঘণ্টায় কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে সে সম্পর্কেও মূল্যায়নপত্রে বিস্তারিত বর্ণনা করেছিন তিনি।

উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধের আশঙ্কা কতটা এবং যুদ্ধ হলে কেমন ক্ষয়ক্ষতি হতে পারে- এ সম্পর্কে মার্কিন কংগ্রেসের দুই সদস্য জবাব চেয়েছিলেন মার্কিন প্রতিরক্ষা বিভাগের কাছে। অ্যাডমিরাল  মাইকেল ডুমন্ট  চিঠি লিখে সেসব প্রশ্নেরই জবাব দিয়েছেন।

সম্ভাব্য অভিযান সম্পর্কে লিউর প্রশ্নের জবাবে তিনি লেখেন,  “উত্তর কোরিয়ার ভূখণ্ডে স্থলবাহিনী পাঠিয়েই কেবলমাত্র তাদের পরমাণু অস্ত্রাগারগুলো খুঁজে বের করে সেগুলো পুরোপুরি ধ্বংস করা যেতে পারে। এ ছাড়া আর অন্য উপায় নেই।”

তবে এরকম পদক্ষেপ নিতে গেলে বড়সড় ক্ষয়ক্ষতির আশঙ্কা আছে বলেও মনে করেন পেন্টাগনের কর্মকর্তারা। অভিযান শুরু হলে উত্তর কোরিয়ার পাল্টা পরমাণু হামলা চালানোর ঝুঁকি আছে বলেও পেন্টাগণের আশঙ্কা। সে ক্ষেত্রে বিপুল সংখ্যক প্রাণহানি হতে পারে।

সেকারণে উত্তর কোরিয়ায় আগ্রাসনে যাওয়া খুব একটা সুবিধাজনক পথ নয় বলেই চিঠিতে ইঙ্গিত দিয়েছে পেন্টাগন।

উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প অত্যন্ত কড়া ভাষায় কথা বলেছেন।

উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক অভিযানের ইঙ্গিতও অনেকবারই দিয়েছেন ট্রাম্প। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনও যুক্তরাষ্ট্রে আঘাত হানার একাধিক হুঁশিয়ারি দিয়েছেন।