২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতার জন্য যুক্তরাষ্ট্র সবসময় যুদ্ধে জয়ী হয়েছে: ট্রাম্প

দেশের নিরাপত্তার জন্য আমাদের সব ধরনের প্রতিরোধ ব্যবস্থা রয়েছে। ক্ষমতার জন্য যুদ্ধে লড়ে আমেরিকা সব সময় জয়ী হয়েছে। যুক্তরাষ্ট্রকে ধ্বংস করতে কোনও ব্যক্তি, ক্ষমতাধর জাতি এমনকি কোন সম্প্রদায় নেই। আমাদের দূর্বল ভাবার কোন সুযোগ নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এস এম নাদিম মাহমুদ, জাপান থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2017, 07:55 PM

Updated : 12 Apr 2022, 12:39 AM

১২ দিনের এশিয়া সফরের প্রথম দিনে জাপানে পৌঁছে এসব কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সকাল ১০ টা ৪০ মিনিটে জাপানের ইয়োকাতায় মার্কিন নৌ ঘাঁটিতে সৈন্যদের উদ্দেশ্যে দেয়া এক বক্তব্যে তিনি কথাগুলো বলেন।

ট্রাম্প বলেন, জাপান যুক্তরাষ্ট্রের সহযোগী। বন্ধুপ্রতীম দেশ হিসেবে আমরা সহযোগিতা অব্যহত রেখেছি। বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্য মার্কিন সেনারা উত্তরাধিকার সূত্রে ইউরোপ থেকে এশিয়ায় আমাদের বন্ধুদের শান্তি প্রতিষ্ঠায় সাহায্য করে যাচ্ছে। মার্কিন সেনাদের ঐকান্তিক চেষ্টায় আমরা জাপানের সমাজ গঠনে চমৎকার ভূমিকার পালন করছি।

সেনাদের উদ্দেশ্যে বলেন, আপনারা যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করছেন, এটি কত বড় মহৎ কাজ তা আপনারা জানেন। আপনারা আমাদের গর্বিত করেছেন। আপনারা সবাই সাহসী যোদ্ধা। আমেরিকা ও  জাপানের নিরাপত্তায় আপনাদের অবদান সর্বদা প্রশংসাযোগ্য।

স্বাধীনতাকামী যেকোন দেশের পাশে যুক্তরাষ্ট্র ছিল, থাকবে। আমরা বিভিন্ন ধরনের সমস্যা মোকাবেলায় এগিয়ে যাচ্ছি। যুক্তরাষ্ট্রের পতাকার প্রতি ভালবাসার প্রেক্ষিতে আপনারা এখানে নিজেদের উৎসর্গ করছেন।

১৯ মিনিটের বক্তব্যে তিনি উত্তর কোরিয়ার আগ্রাসী ভূমিকা নিয়ে সমালোচনা না করলেও, শত্রুদের মোকাবেলায় সর্বদা সেনাদের প্রস্তুত থাকতে বলেন।

পাঁচ জাতির সফরে এসে জাপানে মার্কিন সেনাদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, প্রশান্ত অঞ্চলে মানুষদের নিরাপত্তার জন্য আমেরিকার পতাকা সর্বদা উড়েছে। আমি ক্ষমতায় আসার পর আপনাদের সব ধরনের সমস্যা মোকাবেলায় কাজ করেছি। মনে রাখবেন, আপনারাই আমেরিকাকে সামনে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছেন।

চমৎকার এ দেশের মানুষের নিরাপত্তার জন্য মার্কিন সেনারা সব সময় প্রস্তুত রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো জাপান ছাড়াও তিনি দক্ষিণ কোরিয়া, চীন, ভিয়েতনাম ও ফিলপাইনে যাচ্ছেন তিনি।

দুপুরে খাবারের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে গলফ খেলায় মেতে উঠেন। সেখানে দুই দেশের বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে বলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে।

জাপানের পররাষ্ট্রমন্ত্রণায়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার জাপানে এসে পৌঁছবেন। এরপর জাপানের সম্রাট আকিহিতোর দেয়া এক সংবর্ধনায় অংশ নেবেন তিনি।

জাপানের সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করার কথা রয়েছে ট্রাম্পের।

এছাড়াও, তিনি আশির দশকে উত্তর কোরিয়া দ্বারা অপহৃত জাপানি নাগরিকদের পরিবারের সাথে সাক্ষাত করবেন।

সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়ার আগ্রাসী ভূমিকা রুখতে জাপানিরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতা চান, যার খবর ইতিমধ্যে স্থানীয় গণমাধ্যমগুলোতে চাউর হয়েছে।

ট্রাম্পের মেয়ে ইভানা ট্রাম্প বৃহস্পতিবারই জাপানে পৌঁছেছেন। বিমানবন্ধরগুলোতে ইতি মধ্যে বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। আগামী ৭ নভেম্বর জাপান সফর শেষে দক্ষিণ কোরিয়ায় যাবেন ট্রাম্প।