২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএস সংশ্লিষ্টতার সন্দেহে তুরস্কে আটক ১৪৩

তুরস্কের পুলিশ আটটি শহরে সন্ত্রাস-বিরোধী অভিযান চালিয়ে ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ১৪৩ জনকে আটক করেছে বলে জানিয়েছে রাষ্ট্র-পরিচালিত আনাদলু সংবাদ সংস্থা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 29 Oct 2017, 10:31 PM

Updated : 12 Apr 2022, 12:36 AM

রাজধানী আঙ্কারায় সন্ত্রাস-বিরোধী পুলিশ ৪৯ জন বিদেশি নাগরিককে আটক করেছে। আটককৃতদের কয়েকজন ২৯ অক্টোবর তুরস্কের রিপাবলিক ডে তে হামলার পরিকল্পনা করছিল বলে ধারণা করা হচ্ছে।

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বুরসা এলাকায় পুলিশ রোববার তল্লাশি চালিয়ে ৩৯ জনকে আটক করেছে। এর মধ্যে রয়েছে ২৮ সিরীয় এবং দুই আজারবাইজানি নাগরিক। আটককৃত সন্দেহভাজনদের ৮ জন অপ্রাপ্তবয়স্ক বলে জানিয়েছে আনাদলু।

রোববার সকালে উত্তর-পূর্বাঞ্চলীয় এরজুরুম প্রদেশে সন্ত্রাসী সংগঠনগুলোর তদন্তের অংশ হিসাবে পুলিশ ২২ জনকে আটক করেছে।

আটকদের মধ্যে সন্ত্রাসী ওই সংগঠনগুলোর ঊর্ধ্বতন কয়েকজন সদস্যও আছে। ইস্তাম্বুল এবং ইজমিরসহ অন্য ৫ টি শহরে সপ্তাহান্তে সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসাবে পুলিশ আরও ৩৩ জনকে আটক করেছে।

পুলিশ কিছু অস্ত্র, গোলাবারুদ, ডিজিটাল ডাটা এবং দলিলপত্রও জব্দ করেছে।