২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একে-৪৭ নিয়ে অনলাইনে কাশ্মিরের নিখোঁজ পুলিশ সদস্য

ভারতের জম্মু ও কাশ্মির রাজ্য পুলিশের এক নিখোঁজ সদস্য পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বায় যোগ দিয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2017, 03:56 PM

Updated : 12 Apr 2022, 12:36 AM

ইশফাক আহমেদ দার নামের ওই পুলিশ সদস্য কাথুয়া জেলার পুলিশ ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।

নিজের ছুটি শেষে সোমবার কর্মস্থলে যোগ না দেওয়ায় ভারতীয় পুলিশ তার খোঁজ করছিল।

এই 'নিখোঁজ' পুলিশ সদস্যের একে-৪৭ রাইফেল হাতে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তার জঙ্গিগোষ্ঠীতে যোগ দেওয়ার খবর নিশ্চিত হয়।

পরে ভারতীয় পুলিশের একটি সূত্রও এনডিটিভিকে ইশফাকের লস্কর-ই-তৈয়বায় যোগ দেওয়ার খবর নিশ্চিত করে।

"কাথুয়ার পুলিশ ট্রেনিং সেন্টার থেকে ছুটিতে যান ইশফাক আহমেদ, ২৩ অক্টোবর ফিরে আসার কথা থাকলেও সে আর আসেনি। আমরা তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিচ্ছি," প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে এমনটাই বলেন ট্রেনিং সেন্টারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

তিনি জানান, ২০১২ সালে সাউদার্ন শোপিয়ানের হেফ শিরমাল গ্রামের বাসিন্দা ইশফাক পুলিশে যোগ দিয়েছিলেন।

এ নিয়ে গত দুইবছরে ভারতীয় পুলিশলর অন্তত ৬ সদস্য কাশ্মিরের বিভিন্ন জঙ্গিদলে যোগ দিল বলে এনডিটিভি জানিয়েছে।