২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ৪৭

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার পশ্চিমে একটি এলাকায় এক আতশবাজি কারখানায় বিস্ফোরণের পর আগুনে মৃতের সংখ্যা বেড়ে ৪৭ জনে দাঁড়িয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2017, 02:42 PM

Updated : 11 Oct 2022, 02:41 PM

মেট্রো টিভিতে পুলিশের মুখপাত্র আরগো ইউয়োনো বলেছেন, বৃহস্পতিবার এ ঘটনায় আরও অন্তত ৪৬ জন আহত হয়েছে। তাদেরকে কাছাকাছি তিনটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি বলেন,  “৪৭ টি মৃতদেহ পাওয়া গেছে।” কারখানাটিতে মোট ১০৩ কর্মীর কাজ করার সুস্পষ্ট তথ্য পাওয়া গেছে বলেও জানান ইউয়ানো।

টেলিভিশনে সম্প্রচারিত ছবিতে তানগেরাং এলাকার কারখানাটি থেকে ঘন ধোঁয়ার কুণ্ডুলি উঠতে দেখা গেছে। পাশাপাশি কারখানাটির একাংশ ধসে পড়েছে এবং নিকটবর্তী গাড়িগুলো পুড়ে গেছে বলেও দেখা গেছে।

এসবিএস নিউজ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তানগেরাং শিল্প এলাকার ওই আতশবাজি কারখানাটিতে আগুন লাগে।

দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন বলে জানিয়েছে বিবিসি।

ঘটনাস্থল থেকে দমকল কর্মী অনি সাহরোনি মেট্রো টিভিকে বলেছেন, “যারা নিহত হয়েছে তাদের শনাক্ত করা সম্ভব হচ্ছে না, তাদের দেহ পুরোপুরি পুড়ে গেছে।”

প্রত্যক্ষদর্শীরা সকালে দুটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন। একটি সকাল ১০ টার দিকে এবং অপরটি এর তিনঘণ্টা পরে। দুটো বিস্ফোরণের শব্দই শোনা গেছে অনেক অনেক মাইল দূর থেকে।

হতাহতরা সবাই কারখানাটির কর্মী বলে মেট্রো টিভিকে জানিয়েছেন টোনি রুস্তোনি নামের স্থানীয় এক কর্মকর্তা। মাত্র দেড়মাস আগে কারাখানাটির কার্যক্রম শুরু হয়েছিল বলে জানিয়েছেন তিনি।