শুক্রবার থেকে কাতালুনিয়ায় সরাসরি শাসনের পথে স্পেন
কাতালুনিয়ার স্বাধীনতা ঘোষণার পদক্ষেপের জবাবে শুক্রবার থেকেই সেখানে সরাসরি শাসন চালু করা হবে বলে জানিয়েছে স্পেন সরকার।
মাদ্রিদের সঙ্গে সঙ্কট কাতালান নেতা কেবল আঞ্চলিক নির্বাচন ডেকেই সমাধান করতে পারেন না বলে মঙ্গলবার জানিয়েছেন স্পেনের বিচারমন্ত্রী।
কাতালান পার্লামেন্ট বৃহস্পতিবারই মাদ্রিদের পদক্ষেপের প্রতিক্রিয়া জানানোর বিষয়ে বৈঠকে বসবে। এ বৈঠক থেকে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকদের অনেকেই।
স্বাধীনতা প্রশ্নে গত ১ অক্টোবরের গণভোটের ফল কাতালুনিয়ার স্বাধীনতা ঘোষণার পক্ষেই গেছে বলে দাবি কাতালুনিয়ার বিচ্ছিন্নতাবাদীদের। মাদ্রিদের সরাসরি শাসন সবাই একযোগে রুখে দাঁড়াবে বলেও সোমবার জানিয়েছে কাতালুনিয়া।
যদিও স্পেনের রাজনৈতিক নেতারাসহ প্রভাবশালী সব ব্যবসায়িক সমিতি এমনকি কাতালুনিয়ার পত্রপত্রিকাগুলোতেও কাতালান নেতা পুজদেমনকে তার নেতৃত্ব যাওয়ার আগেই আঞ্চলিক নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছে। কিন্তু পুজদেমন নির্বাচনের ব্যাপারে নীরব রয়েছেন।
স্পেন সরকার বলছে নির্বাচন দেওয়াটা প্রথম পদক্ষেপ। কিন্তু পুজদেমেনকে স্বাধীনতার ঘোষণাও প্রত্যাহার করতে হবে, যে ঘোষণা এমাসের শুরুতে তিনি দিয়েছিলেন।
এক বেতার সাক্ষাৎকারে স্পেনের বিচারমন্ত্রী রাফায়েল কাতালা বলেন, “সরকার যখন চরম (কাতালুনিয়ার স্বায়ত্ত্বশাসন কেড়ে নেওয়া) একটি ব্যবস্থা নেওয়ার কথা বলে, তার অর্থ হচ্ছে, পুজদেমন তার যে বাধ্যবাধকতা ছিল তা মেনে চলতে চরমভাবে ব্যর্থ হয়েছেন।”
“শুধুমাত্র নির্বচন ডেকে সবকিছু ঠিক করা যায় না।”
মন্ত্রী বলেন, স্পেনের সিনেট শুক্রবার থেকে কাতালুনিয়ায় সরাসরি শাসন চালুর পরিকল্পনা করেছে। কাতালান নেতা পুজদেমন স্পেনের সিনেটে হাজির হলে এটি সঙ্কট সমাধানের পথে একটি ইতিবাচক পদক্ষেপ হবে।
পুজদেমন স্বাধীনতার ডাক বাতিল না করা পর্যন্ত মাদ্রিদ সরকার তার সঙ্গে সাক্ষাত করতে অস্বীকৃতি জানিয়েছে।
তবে তারপরও বিচারমন্ত্রী বলেছেন, পুজদেমনকে বৈধ পন্থায় এবং সাংবিধানিক কর্মকাঠামোর মধ্যেই হাজিরা দিতে হবে। তাহলে সবাই একে সাদরে অভ্যর্থনা জানাবে।
কিন্তু তিনি বলেন, পুজদেমন যদি কেবল কাতালুনিয়ার স্বাধীনতার পক্ষে তার অবস্থানের মঞ্জুরি নিতে হাজির হন তাহলে সরকার এরই মধ্যে যে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তা বাস্তবায়ন করা ছাড়া আর কিছু করার থাকবে না।
