২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিওয়ালিতে দিল্লিতে আতশবাজি নিষিদ্ধ করল সুপ্রিম কোর্ট

আতশবাজি ছাড়াই এবার দিওয়ালি হবে ভারতের রাজধানী নয়া দিল্লিতে। সেখানে বাজি বিক্রি ও বিতরণ ফের নিষিদ্ধ করেছে সুপ্রিম কোর্ট।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2017, 07:30 PM

Updated : 12 Apr 2022, 12:29 AM

দিওয়ালিতে অতিরিক্ত আতশবাজি পোড়ানো বন্ধ করতে ১ নভেম্বর পর্যন্ত দিল্লিতে এ ধরনের পণ্য বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর হিন্দুদের ধর্মীয় উৎসব দিওয়ালি পালিত হবে ১৮ অক্টোবরে।

বিবিসি জানায়, আতশবাজির ধোঁয়া বায়ু দূষণে বড় ধরনের প্রভাব রাখে কিনা তা পরীক্ষা করে দেখতে সোমবার ভারতের সুপ্রিম কোর্ট এই নিষেধাজ্ঞা আরোপ করে।

তবে এরই মধ্যে যারা আতশবাজি ক্রয় করে ফেলেছেন তারা তা পোড়াতে পারবেন। ২০১৬ সালেও আতশবাজির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল আদালত। তবে এর ফলে দূষণের মাত্রায় হেরফেরের বিষয়টি পরিমাপ করে দেখা হয়নি।

বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর নগরগুলোর তালিকায় সবার উপরে দিল্লির অবস্থান।

গত বছর দিওয়ালির পরদিন সকালে দিল্লির আকাশ ধোঁয়ায় অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। যা গত এক দশকের মধ্যে সর্বোচ্চ বায়ু দূষণ বলে গন্য হয়।

তারপরই সুপ্রিম কোর্ট ২০১৫ সালে কয়েকটি পিটিশিন আমলে নেয় এবং গত বছর নভেম্বরে রাজধানী দিল্লি  ও এর আশেপাশের এলাকায় আতশবাজি বিক্রি বন্ধের নির্দেশ দেয়।

গত মাসে সুপ্রিম কোর্ট ওই আদেশের উপর সাময়িক স্থগিতাদেশ জারি করে আতশবাজি বিক্রির অনুমতি দেয়।

গত মাসের রায়ে বলা হয়েছিল, আতশবাজি বিক্রির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ ‘খুব বেশি কঠোর পদক্ষেপ’ হবে এবং বায়ুদূষণ রোধে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে।

আবারও সুপ্রিম কোর্টে আতশবাজি বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা আরোপের কয়েকটি পিটিশন জমা পড়ায় সোমবার সুপ্রিম কোর্ট ফের ওই নিষেধাজ্ঞা বহাল করা উচিত বলে মনে করেছে।