২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন নিষেধাজ্ঞার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি

নতুন করে আর কোনও নিষেধাজ্ঞা আরোপ করা হলে এবং রেভল্যুশনারি গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠনের তালিকাভূক্ত করলে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো হামলার ঝুঁকিতে পড়বে বলে হুঁশিয়ার করেছে ইরান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2017, 09:31 PM

Updated : 12 Apr 2022, 12:28 AM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা, সন্ত্রাসে মদদ দেওয়া এবং সাইবার অভিযানের অভিযোগে দেশটির বিরুদ্ধে নতুন করে ব্যবস্থা গ্রহণ করতে পারেন বলে শুক্রবার এক বিবৃতিতে জানায় হোয়াইট হাউজ।

এরই জবাবে ইরানের রেভল্যুশনারি গার্ডস এর কমান্ডার মোহাম্মদ আলি জাফরি বলেন, “আমরা আতীতেও এ কথা বলেছি, যদি যুক্তরাষ্ট্রে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব পাস হয় তবে দেশটিকে তাদের এ অঞ্চলের সামরিক ঘাঁটিগুলোকে ইরানের ক্ষেপণাস্ত্রের দুই হাজার কিলোমিটার আওতার বাইরে নিয়ে যেতে হবে।”

ইরানের রাষ্ট্রায়ত্ত্ব গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, বাড়তি নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ভবিষ্যত আলোচনার সম্ভাবনাও নষ্ট করে দেবে বলে হুমকি দেন জাফরি।

তিনি বলেন, “আমেরিকা সরকারের রেভল্যুশনারি গার্ডস’কে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করার বোকামির খবর যদি সত্যি হয়, তবে রেভল্যুশনারি গার্ড বাহিনীও আমেরিকার সেনাবাহিনীকে গোটা বিশ্ব  এবং বিশেষ করে মধ্যপ্রাচ্যজুড়ে ইসলামিক স্টেটের (আইএস) মতই মনে করবে।”

রেভল্যুশনারি গার্ডসকে দেশে এবং দেশের বাইরে ইরানের সবচেয়ে শক্তিশালী বাহিনী হিসেবে গণ্য করা হয়।