ইরানের পরমাণু চুক্তি সুরক্ষিত থাক, চায় রাশিয়া
রাশিয়া চায় বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তি অটুট থাক।
সেকারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এ চুক্তির ব্যাপারে ‘ভারসাম্যপূর্ণ’ সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
ল্যাভরভ শুক্রবার বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি হ্রাস করতে স্বাক্ষরিত আন্তর্জাতিক এ চুক্তিবদ্ধ থাকা না থাকার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ভারসামপূর্ণ সিদ্ধান্ত নেবেন বলেই তিনি আশা করেন।
কাজাখস্তান সফরকালে সাংবাদিকদের তিনি বলেন, “চুক্তিটি বর্তমানে যেমন আছে তেমনিভাবেই রাখাটা গুরুত্বপূর্ণ। সেইসঙ্গে যুক্তরাষ্ট্রেরও এ চুক্তিবদ্ধ থাকাটাও অনেক জরুরি ব্যাপার।”
ইরান তার পারমাণবিক কার্যক্রম নিয়ে ২০১৫ সালে বিশ্বের ছয় শক্তিধর দেশের সঙ্গে চুক্তি করেছিল।
চুক্তির আওতায় ইরান আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিনিময়ে তাদের পারমাণবিক কর্মসূচি হ্রাস করা, ইউরেনিয়ামের মজুদ কমানো এবং অস্ত্র পরিদর্শকদেরকে দেশে প্রবেশ করতে দিতে রাজি হয়েছিল।
চুক্তিটি নিয়ে ট্রাম্পের নানা অভিযোগ আছে। তিনি চুক্তিটি অচিরেই পরিহার করতে পারেন বলে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম তাদের প্রতিবেদনে জানিয়েছে।
