২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নোবেলজয়ী ইশিগুরো অচেনা জাপানিদের কাছে

সাহিত্যে নোবেল জয় করে আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম হলেও কাজুও ইশিগুরোর সাহিত্যকর্মের সঙ্গে পরিচিত নন জাপানিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এস এম নাদিম মাহমুদ, জাপান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2017, 10:52 PM

Updated : 19 Aug 2022, 05:41 PM

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানে যে শহরটিতে পারমাণবিক বোমা ক্ষতবিক্ষত করেছিল সেই নাগাসাকি শহরে জন্ম হলেও ইশিগুরোর বেড়ে ওঠা যুক্তরাজ্যে।

বৃহস্পতিবার নোবেল কমিটি এই বছর সাহিত্যে নোবেলজয়ী হিসেবে ইশিগুরোর নাম ঘোষণার পর জাপানিদের সঙ্গে কথা বললে তাকে নিয়ে স্বদেশীদের অজ্ঞতার বিষয়টি ধরা পড়ে।

ওসাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তমকি মাসুকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা এই ধরনের সাহিত্যিকের নাম এবারই প্রথম শুনলাম। ছোটবেলা থেকে তো অনেক সাহিত্যিকের বই পড়া হলেও কাজুও ইশিগুরোর কোনো বই আমরা পাইনি।”

নাগাসাকি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মিসুই ওনাসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার জন্ম এই শহরে। কিন্তু এই নামে কোনো সাহিত্যিক আছে বলেই জানতামই না। টেলিভিশনের খবর দেখে জানতে পারলাম।”

ইশগুরো ছেলেবেলায় যুক্তরাজ্যে চলে যাওয়ায় তার প্রভাব এখানে নেই বলে মনে করেন তিনি।

ইশিগুরো নাগাসাকিতে জন্ম নেওয়ার ৫ বছরপরই বাবা, মা, দুই বোনের সঙ্গে সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমান।

Image
জাপানিদের বই পড়ার অভ্যাস বেশ- ছবি: রয়টার্স

জাপানিদের বই পড়ার অভ্যাস বেশ- ছবি: রয়টার্স

Image
ইশিগুরোর এই বইগুলো পায়নি জাপানিরা- ছবি: রয়টার্স

ইশিগুরোর এই বইগুলো পায়নি জাপানিরা- ছবি: রয়টার্স

ফলে ইশিগুরোর পড়াশোনা ইংরেজিতে, লেখালেখিও করেছেন এই ভাষায়। তার সাহিত্যকর্ম ইংরেজিতে লিখা হলেও তা ফরাসি, জার্মান, সুইডিশ, স্পেনিশ ভাষায় অনূদিত হয়। তবে বঞ্চিত থেকে গেছে জাপানিরা। 

ওমেডা ‘নিহোন বুক স্টোর’র কর্মকর্তা নিশিচি ওগামি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা এখানে প্রায় ৫০ বছর ধরে বই বিক্রি করছি, কোনোদিন ইশিগুরো নামের কোনো লেখকের বই পাইনি।”

তিনি জানান, জাপানে হারুকি মুরাকামি, ইওকু মিশিমা, ইওকো ওগাওয়া, রিও মুরাকামি, জুনিচিরো তানইজাকির বই বেশি বিক্রি হয়।

জাপানিরা বইপোকা জাতি। এই দেশের প্রতিটি কনভেনিয়েন্ট স্টোরগুলোতে বিভিন্ন বই পাওয়া গেলেও ইশিগুরোর কোনো বই দেখতে পাওয়া যায়নি।

Image
সমকালীন লেখকদের মধ্যে হারুকি মুরাকামিই জাপানে সবচেয়ে জনপ্রিয়- ছবি: রয়টার্স

সমকালীন লেখকদের মধ্যে হারুকি মুরাকামিই জাপানে সবচেয়ে জনপ্রিয়- ছবি: রয়টার্স

একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত কাজুও সাকায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাপানে হারুকি মুরাকামিই শ্রেষ্ঠ। আমরা আশা করেছিলাম, এই বছর তিনিই নোবেল পাবেন, কিন্তু প্রতিবছরেই আমাদের আশা ভঙ্গ হয়।”

নোবেল কমিটির ঘোষণার পরই ইশিগুরোর নাম প্রথম শোনেন বলে তিনি।

টোকিওতে তিন দশক ধরে বসবাসরত বাংলাদেশি রবীন্দ্র গবেষক প্রবীর বিকাশ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি অনেক আগে ইশিগুরোর দুটি বই পড়েছিলেন, তা ছিল ইংরেজিতে লেখা।

“তিনি জাপানি ভাষা খুব একটা জানতেন না। তার প্রথম দুটি রচনায় বিষয়বস্তুতে জাপান থাকলেও জাপানি ভাষায় কিছুই লিখেননি তিনি।”

তবে জাপানি চলচ্চিত্র নির্মাতা ওজু ইয়াসুজিরোও এবং নারুসে মিকিও দ্বারা ইশিগুরোর প্রভাবিত হওয়ার ছাপ তার লেখনীতে খুঁজে পেয়েছেন প্রবীর সরকার।

পুরনো খবর:

সাহিত্যের নোবেল কাজুও ইশিগুরোর