ফ্রান্সে ছুরি হামলার আগেই ছাড়া পেয়েছিল হামলাকারী
ফ্রান্সের মার্সেই শহরের প্রধান রেলস্টেশনে ছুরিকাঘাতে দুই নারী হত্যায় সন্দেহভাজন ব্যক্তি এ ঘটনার দু’দিন আগেই পুলিশের হেফাজত থেকে ছাড়া পেয়েছিল।
পুলিশ ওই ব্যক্তিকে প্রথমে ডাকাতির সন্দেহে গ্রেপ্তারের পর তাকে মুক্তি দেয়। পুলিশের তদন্তকাজ সংশ্লিষ্ট এক কর্মকর্তা একথা জানিয়েছেন।
রোববার সেন্ট চার্লস রেল স্টেশনে ছুরি হামলায় ২ নারী নিহত হওয়ার পর পুলিশ হামলাকারীকে গুলি করে হত্যা করেছে।
হামলাকারী আটটি ভিন্ন পরিচয় এবং ছদ্মনাম ব্যবহার করেছে বলে জানান পুলিশের ওই তদন্ত কর্মকর্তা।
তিনি বলেন, ২৯ সেপ্টেম্বরে ডাকাতির সন্দেহে পুলিশ ওই ব্যক্তিকে আটক করে। কিন্তু পরে প্রমাণের অভাবে তাকে ছেড়ে দেওয়া হয়। তার পরিচয় পুলিশ নিশ্চিত হতে পারেনি।
এ ব্যাপারে কর্মকর্তা বলেন, “যতবার তাকে ধরা হয়েছে ততবারই সে ভিন্ন পরিচয়পত্র দেখানোর কারণে তার আসল পরিচয় সনাক্ত করা কঠিন ছিল। কোনওসময় সে নিজেকে ফরাসি আবার কোনও সময় আলজেরীয় বলে পরিচয় দিয়েছে।”
পুলিশ রোববারের ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ বলেই অভিহিত করেছে।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানায়, দুই নারীর মধ্যে একজনকে গলা কেটে এবং অন্যজনকে পরপর কয়েকবার পেটে ছুরি মেরে হত্যা করে ওই হামলাকারী।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা স্থানীয় একটি পত্রিকাকে বলেন, হামলাকারী ‘আল্লাহু আকবার’ বলে চিৎকার করে ছুরি হাতে লোকজনের উপর ঝাঁপিয়ে পড়ে।
২০১৫ সালের নভেম্বরে রাজধানী প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহত হওয়ার পর থেকেই ফ্রান্সজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। তারপর থেকে দেশটিতে একের পর এক সন্ত্রাসী হামলা চলছে।
এই সময়ে যুক্তরাজ্য, বেলজিয়াম ও জার্মানিতেও বেশ কয়েকটি সন্ত্রাসী হামলায় বহু মানুষ নিহত হয়।
