উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘সরাসরি যোগাযোগ’
যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরি যোগাযোগ করছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।
চীন সফররত টিলারসন বলেন, “ওয়াশিংটন পিয়ংইয়ংয়ে সঙ্গে কথা বলার সম্ভাবনা নিয়ে ভাবছে, তাই আমাদের সঙ্গেই থাকুন।”
“আমাদের কাছে পিয়ংইয়ংয়ের সঙ্গে যোগাযোগের লাইন আছে। আমরা অন্ধকারে নেই।”
উত্তর কোরিয়ার পারমাণবিক প্রকল্প নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে বাকযুদ্ধ চলছে; সম্প্রতি যা চরম রূপ নিয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়া একে অপরকে ক্রামগত ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়ে যাচ্ছে।
এর আগেও দুই দেশের মধ্যে সরাসরি যোগাযোগের চ্যানেল থাকার ইঙ্গিত দিয়েছিলেন টিলারসন।
সুইডেন ওয়াশিংটনের হয়ে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার চেষ্টা করছে বলেও খবর আছে।
যদিও এ বিষয়ে যোগাযোগ করা হলে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী কোনো মন্তব্য করতে রাজি হননি।
