২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গণভোটের পর ইরাকি কুর্দিদের ওপর বিমান নিষেধাজ্ঞা

ইরাকের কুর্দি অঞ্চলে স্বাধীনতা প্রশ্নে গণভোটের পর আন্তর্জাতিক বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরাক সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2017, 09:30 PM

Updated : 12 Apr 2022, 12:25 AM

বাগদাদ সরকারের বিরোধিতা এবং আন্তর্জাতিক সতর্কতা উপেক্ষা করে ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের স্বাধীনতার প্রশ্নে সোমবার গণভোটের আয়োজন করেছিল স্থানীয় কুর্দি কর্তৃপক্ষ।

ভোটে কুর্দিরা ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দিয়ে স্বাধীনতার প্রতি সমর্থন জানিয়েছে বলে দাবি করেছেন ইরাকি কুর্দি নেতা মাসুদ বারজানি। এরপরই সেখানে বিমান চলাচলে এ নিষেধাজ্ঞা দিল ইরাক সরকার।

বাগদাদ সরকারের আকাশ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছ থেকে এক নোটিশের আওতায় কুর্দিস্তানের রাজধানী ইরবিল এবং সুলাইমানিয়ায় প্রায় সব বিদেশি বিমান চলাচল স্থগিত করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬ টা থেকেই এ নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা রয়েছে।

তবে কুর্দিস্তানের অভ্যন্তরীন ফ্লাইটগুলো চালু রয়েছে। ফলে ভ্রমণকারীদেরকে প্রধানত বাগদাদ বিমানবন্দর হয়ে কুর্দিস্তান যেতে হবে।

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি এর আগে কুর্দিস্তান আঞ্চলিক সরকারকে স্বাধীনতা প্রশ্নে সোমবার অনুষ্ঠিত গণভোটের ফল ‘বাতিলের’ আহ্বান জানিয়েছিলেন।

আবাদি বলেছেন, তিনি ভোটের ফল নিয়ে কখনও আলোচনা করবেন না। কুর্দিদেরকে সংবিধানের কর্মকাঠামোর আলোকে আলোচনা শুরুর আহ্বান জানান তিনি। তাছাড়া, কুর্দিস্তান অঞ্চলের সব জায়গায় ইরাকের শাসন চাপিয়ে দেওয়ারও হুঁশিয়ারি দেন আবাদি।

কুর্দি নেতারা বলছেন, ভোটে ‘হ্যাঁ’ জয়লাভ করলেও এটি সরাসরি স্বাধীনতা ঘোষণা করা নয় বরং এর মধ্য দিয়ে তারা বাগদাদের কেন্দ্রীয় সরকার এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিচ্ছিন্নতার বিষয়টি নিয়ে আলোচনা শুরুর ম্যান্ডেট পাবেন।

কিন্তু বুধবার ইরাকের পার্লামেন্টে এক ভাষণে প্রধানমন্ত্রী আবাদি জোরের সঙ্গেই বলেছেন, গণভোট নিয়ে তিনি কখনওই কুর্দিস্তান আঞ্চলিক সরকারের (কেআরজি) কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসবেন না।

তুরস্ক ও ইরানও শুরু থেকেই গণভোট নিয়ে কুর্দিদেরকে হুমকি-ধামকি দিয়ে আসছে।

তুস্কেরর আশঙ্কা,  উত্তর ইরাকের এ গণভোট তুরস্কের ভূখণ্ডে থাকা কুর্দিদেরও ‘বিচ্ছিন্নতার’ পথে ধাবিত করতে পারে। তুর্কি সেনাবাহিনীকে দেশের ভেতরে কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়তেও হচ্ছে।

মধ্যপ্রাচ্যে চতুর্থ বৃহৎ জনগোষ্ঠী হল কুর্দি। কিন্তু তাদের স্থায়ী কোনও রাষ্ট্র কখনওই ছিল না।

ইরাকে মোট জনগোষ্ঠীর ১৫ থেকে ২০ শতাংশ কুর্দি। ১৯৯১ সালে স্বায়ত্তশাসন পাওয়ার আগ পর্যন্ত কয়েক দশক ধরে তাদের দমন-নিপীড়ন করা হয়।

কুর্দিরা বলছে, ইরাক ছাড়াও ইরান, তুরস্ক ও সিরিয়ায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ৩ কোটি কুর্দিকে নিয়ে তারা নতুন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়।

২০১৪ সালের পর ইরাকের এক তৃতীয়াংশের দখলে থাকা ইসলামি স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ের স্বীকৃতিও এই ভোট।