২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজর-রঙা স্পোর্টস কারে গাধার কামড়

একটি দামি স্পোর্টস কারে কামড় দেয়ার চেষ্টা করা এক গাধার মালিককে জরিমানা করা হবে কি না, তা নিয়ে রায় দিতে যাচ্ছে জার্মানির একটি আদালত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2017, 01:07 PM

Updated : 12 Apr 2022, 12:25 AM

বিবিসি জানিয়েছে, গত বছরের ১৫ সেপ্টেম্বর মার্কাস জান তার উজ্জল কমলা রঙের ম্যাকলারেন স্পাইডার গাড়িটি ছোট একটি মাঠের পাশের কারপার্কে রাখেন। তখন মাঠে থাকা ভিটুস নামের একটি গাধা গাজর-রঙা গাড়িটির পেছন দিকে কামড় বসানোর চেষ্টা করে বলে অভিযোগ জানের। 

জার্মানির হেস রাজ্যের ভোলজেসবার্গে ঘটনাটি ঘটেছিল। পুলিশের ধারণা, ভিটুস সম্ভবত গাড়িটিকে গাজর মনে করে বিভ্রান্ত হয়েছিল।

এ ঘটনায় ভিটুসের মালিকের বিরুদ্ধে ছয় হাজার ইউরো ক্ষতিপূরণ দাবি করে মামলা করেন জান।

ক্ষতিপূরণের এই দাবি মানতে রাজি নন গাধাটির মালিক। তার দাবি, এ ঘটনায় ভিটুস দোষী হতে পারে না এবং মাঠের পাশে গাড়িটি রাখা উচিত হয়নি জান সাহেবের।

গাধার কামড়ে ক্ষতিগ্রস্ত ওই ম্যাকলারেন স্পাইডার গাড়িটির দাম তিন লাখ ইউরো বলে জানা গেছে।

বৃহস্পতিবার গিসেনের আদালতের রায়ে বিষয়টির নিষ্পত্তি হবে বলে জানিয়েছে জার্মানির গণমাধ্যম।