রোহিঙ্গাদের জন্য জাপানের ৪০ লাখ মার্কিন ডলার সহায়তা
মিয়ানমারে সেনাবাহিনীর অভিযানে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তার জন্য ১০ লাখ ডলার থেকে বাড়িয়ে ৪০ লাখ মার্কিন ডলার সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে জাপান।
মিয়ানমার সরকারকে ১০ লাখ মার্কিন ডলার দেওয়ার ঘোষণার কয়েকদিন পর জাপানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গত ২৫ অগাস্ট মিয়ানমারের উত্তর রাখাইন প্রদেশে সেনা অভিযানে ক্ষতিগ্রস্ত মানুষদের স্বাভাবিক অবস্থানে ফিরিয়ে আনতে জাপান সরকার জরুরি ভিত্তিতে ৪০ লাখ মার্কিন ডলার সহায়তা আন্তর্জাতিক সংস্থা, মিয়ানমার ও বাংলাদেশের মাধ্যমে দেবে।
গত ২৪ অগাস্ট রাখাইনের পুলিশ পোস্ট ও সেনা ক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর পাল্টা সেনা অভিযানে বহু বেসামরিক মানুষ হতাহত হওয়ার পাশাপাশি প্রায় সাড়ে চার লাখ রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়; পালিয়ে আশ্রয় নেয় বাংলাদেশে।
বিশ্বনেতাদের তীব্র সমালোচনার মুখে থাকা মিয়ানমারে রোহিঙ্গা সঙ্কটের পর সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণে গত ২১ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর মিয়ানমার সফর করেন জাপানের পররাষ্ট্র উপমন্ত্রী ইআও হরি।
রাখাইনে চলমান সহিংসতা নিয়ে সফরের প্রথম দিন মিয়ানমারের সেনাবাহিনীর প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং, প্রধান সেনা কমাণ্ডার অং পাও সু, স্টেট কনসুলার ইন মাৎ আইসহ বেশ কয়েকজনের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
সাক্ষাতে জাপানের অবস্থান ব্যাখ্যা করে মিয়ানমার বিষয়ে তাদের চলমান নীতিতে কোনও পরিবর্তন আসবে না বলে জানিয়েছেন ইয়াও হরি। মিয়ানমার পুনর্গঠনে সব ধরনের সহায়তা চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের জন্য জাপান ১০ লাখ ডলার সহায়তা দেবে বলেও বার্তা দেন।
মিয়ানমারে পাশে থাকার ঘোষণা দেয়ার খবর প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে তীব্র সমালোচনা চলার মধ্যে মঙ্গলবার রাতে জাপান সরকারের পক্ষ থেকে আরেক দফা বিবৃতি দিয়ে অর্থ সহায়তা বাড়ানোর কথা বলা হল।
বিবৃতিতে দেশটি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই জরুরি সহায়তা মানবিক সংকট মোকাবেলায় ব্যবহার করা হবে। এর মধ্যে মিয়ানমারে জরুরি ভিত্তিতে পানি, স্যানেটারি এবং বাংলাদেশে অবস্থান রোহিঙ্গা শিশুদের সুরক্ষা, পানি, স্যানেটারিসহ অন্যান্য জিনিসপত্র ও ঘরবাড়ি নির্মাণে ব্যবহৃত হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
