২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঝড়, বন্যার পর পুয়ের্তো রিকোয় বাঁধ ধসের শঙ্কা

ঘূর্ণিঝড় মারিয়ার কারণে সৃষ্ট বন্যার চাপে বাঁধ ধসের আশঙ্কায় উত্তর-পশ্চিমাঞ্চলের নদী উপত্যাকা থেকে হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নিচ্ছে পুয়ের্তো রিকোর উদ্ধারকর্মীরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2017, 02:57 PM

Updated : 12 Apr 2022, 12:23 AM

শনিবার গুয়াজাতাচা নদীতে দেওয়া মাটির বাঁধ সংশ্লিষ্ট নিম্নভূমিতে এ চিত্র দেখা যায় বলে জানিয়েছে রয়টার্স।

ক্যারিবীয় অঞ্চলে অন্তত ২৫ জনের প্রাণহানির পর বুধবার হারিকেন মারিয়া যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা দ্বীপ পুয়ের্তো রিকোয় আঘাত হানে।

কয়েকদিন ধরে বিদ্যুৎবিচ্ছিন্ন থাকা পুয়ের্তো রিকানরা এখনও ধ্বংসস্তূপ সরাতে না পারায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার চিত্র উন্মোচিত হয়নি বলে কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।

এর মধ্যেই নতুন করে বাঁধ ধসের এই আশঙ্কা দেখা দেয়। 

শুক্রবার সন্ধ্যায় পুয়ের্তো রিকোর গভর্নর রিকার্ডো রোসেলো ৭০ হাজার বাসিন্দা অধ্যুষিত ওই এলাকা খালি করার নির্দেশ দেন বলে জানিয়েছে রয়টার্স।

ঘূর্ণিঝড় মারিয়ার প্রভাবে ভারি বৃষ্টিপাতে গুয়াজাতাকা নদীর পানি বেড়ে গেছে।

দ্বীপের রাজধানী সান জুয়ানের ন্যাশনাল ওয়েদার সার্ভিসের বুলেটিনে বলা হয়েছে, বাঁধের কারণে ঝুঁকির মধ্যে থাকা এলাকার বাসিন্দাদের বাসে করে উঁচু এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে।

পুয়ের্তো রিকোর জরুরি ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা ক্রিস্টিনা ভিলাবা জানান, গুয়াজাতাচা নদীর বাঁধ যে ভেঙে পড়বেই তাতে সন্দেহের পরিমাণ সামান্য।

“এটা হতে পারে আজ রাতে, হতে পারে আগামীকাল কিংবা কয়েকদিনের মধ্যে; কিন্তু এটি যে দ্রুতই ঘটবে তা ধারণা করা যায়,” শুক্রবার রাতে রয়টার্সকে টেলিফোনে এমনটাই বলেন ভিয়ালা।

বাঁধ ধসের শঙ্কায় কর্তৃপক্ষ কয়েক ঘণ্টা সময়ের মধ্যে ওই এলাকা খালি করে ফেলার চেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি। 

এরই মধ্যে কতজনকে সরানো হয়েছে এবং এলাকাগুলো খালি করতে কর্তৃপক্ষ কীভাবে জনসাধারণের সঙ্গে যোগাযোগ করছে ভিলাবা তা জানাতে পারেননি।

শুক্রবার রাতে গভর্নর রিকার্ডো রোসেলো ইসাবেলা পৌরসভা এলাকায় গিয়ে সেখানকার মেয়র কার্লোস দেলগাদোকে এলাকাটি দ্রুত খালি করে ফেলার নির্দেশ দেন বলে এক বিবৃতিতে জানিয়েছে গভর্নর দপ্তর।

রোসেলা জানান, ঘূর্ণিঝড় মারিয়ায় প্রভাবে শুরু হওয়া তীব্র বৃষ্টিতে বাঁধে ফাটল ধরেছে। বাঁধ ভেঙে তীব্র বন্যা হতে পারে বলেও আশঙ্কা তার।

পুলিশের পাশাপাশি ন্যাশনাল গার্ড সদস্যদেরও এলাকাগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজে লাগানো হয়েছে।

বেশিরভাগ বাসিন্দাই কাছাকাছি এলাকার দিকে যাত্রা শুরু করেছে; ছোট একটি এলাকার বাসিন্দারা আদেশ অমান্য করে থেকে যাওয়ার চেষ্টা করলেও রোসেলো তাদের সরিয়ে নিতে পুলিশকে নির্দেশ দেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।

চলতি মাসের মধ্যে ক্যারিবীয় অঞ্চলে আঘাত হানা দ্বিতীয় শক্তিশালী ঝড় মারিয়ার কারণে পুয়ের্তো রিকোর টেলিফোন যোগাযোগও প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছে রয়টার্স। বেশিরভাগ ঘরেরই ছাদ উড়ে গেছে, মাটিতে দেখা যাচ্ছে ছড়ানো ছিটানো ধ্বংসস্তুপ, উপড়ে পড়া গাছ ও ছেঁড়া বিদ্যুতের তার।

চার মাত্রার এ ঝড়ের কারণে সৃষ্ট মুষলধার বৃষ্টিতে বেশ কয়েকটি নদীর পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পুয়ের্তো রিকোয় এক শতাব্দীর মধ্যে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী এই হারিকেনে অন্তত ১২ জন নিহত হয়েছেন বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

“অন্য অনেক সূত্রে আরও মৃত্যুর খবর পেয়েছি, যদিও আমরা সেগুলো নিশ্চিত হতে পারিনি,” বলেন পুয়ের্তো রিকোর জননিরাপত্তা বিষয়ক সচিব হেক্টর পেসকুয়েরা।