২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উপনির্বাচনে জিতলেন নওয়াজের স্ত্রী কুলসুম

পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের স্ত্রী কুলসুম নওয়াজ লাহোরের একটি আসনের উপনির্বাচনে বিজয়ী হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2017, 12:33 PM

Updated : 12 Apr 2022, 12:21 AM

রোববার অনুষ্ঠিত নির্বাচনে তিনি ৫৩ দশমিক ৫০ শতাংশ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী তেহরিক ই ইনসাফ দলের ইয়াসমিন রশিদকে পরাজিত করেন বলে মুসলিম লীগ-নওয়াজ দলের কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।

নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল এখনো ঘোষণা করা হয়নি।

তেহরিক ই ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খান নির্বাচনে দুর্নীতি হয়েছে অভিযোগ করে বলেন, পাঞ্জাবের ক্ষমতাসীন দল মুসলিম লীগ- নওয়াজ (পিএমএলএন) তাদের প্রার্থীর প্রচারে রাজ্যের সম্পদ ব্যবহার করেছে।

নওয়াজের ভাই শাহবাজ শরিফ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী।

পাকিস্তানের পূর্বাঞ্চলীয় লাহোর  শহরের এই আসনে ২৯ হাজার ভোটারের আঙ্গুলের ছাপ জাতীয় তথ্যভাণ্ডারের সঙ্গে না মেলায় তাদের রায় পাওয়া যায় নি বলে দাবি করছেন পিটিআই প্রার্থী ইয়াসমিন রশিদ।

১৯৮০ সালের পর থেকে নওয়াজ পরিবারের হাতে থাকা এই আসনে ২০১৩ সালের নির্বাচনে পিএমএলএন ৬১ শতাংশ ভোট পেয়েছিল।

রয়টার্স বলছে, আগের তুলনায় এ আসনে ভোটের ব্যবধান কমলেও রোববারের জয়কে ২০১৮-র সাধারণ নির্বাচনের আগে শরীফ রাজত্বের প্রতি সাধারণ মানুষের অব্যাহত সমর্থনের প্রকাশ বলেই মনে করা হচ্ছে।

নির্বাচনী প্রচারে অনুপস্থিত ছিলেন কুলসুম; সেসময় তিনি লন্ডনে ক্যান্সারের চিকিৎসা নিচ্ছিলেন।

তার বদলে মেয়ে মরিয়ম প্রচারে নেতৃত্ব দেন। ভোটের আগে দলের নেতাকর্মীদের হুমকি দেয়া ও অপহরণ করার পরও মায়ের এই বিজয়কে ‘অসাধারণ’ অ্যাখ্যা দেন নওয়াজকন্যা।

“এটা কোনো সাধারণ জয় নয়; আপনারা কেবল মাঠে যারা হাজির ছিল তাদেরই পরাজিত করেননি, তাদেরও পরাজিত করেছেন, যারা দৃশ্যের অন্তরালে ছিল,” জয়ের পর উৎফুল্ল পিএমএল-এন সমর্থকদের উদ্দেশ্যে বলেন মরিয়ম।

মরিয়মের এই বক্তব্য পাকিস্তানের শক্তিশালী সামরিক বাহিনীর প্রতি ইঙ্গিত থাকলেও এই বিষয়ে তাদের মন্তব্য জানতে পারেনি রয়টার্স।

এই উপনির্বাচনকে কেন্দ্র করে পিএমএল-এন সুপ্রিম কোর্টের নির্দেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের প্রতি তাদের পূর্ণ সমর্থন দেখাতে চেষ্টা করেছে।

নওয়াজ এখনো দলের নেতৃত্ব ধরে রেখেছেন এবং দীর্ঘদিনের বন্ধু শাহিদ খাকান আব্বাসিকে তার জায়গায় প্রধানমন্ত্রী বানিয়েছেন।

পিএমএলএন সমর্থকদের ধারণা, নওয়াজকে উৎখাতের পেছনে সামরিক বাহিনীর হাত আছে।

ব্রিটিশ উপনিবেশিক শাসনের হাত থেকে মুক্তি লাভের পর গত ৭ দশকের অর্ধেক সময়ই পাকিস্তান সামরিক বাহিনীর শাসনাধীন ছিল। পাকিস্তানের রাজনীতিতে এখনো তাদের প্রভাবকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

নির্বাচনের আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে মরিয়ম তার বাবাকে উৎখাতে সামরিক বাহিনীর হাত ছিল বলে ইঙ্গিত দিয়েছিলেন।

উপনির্বাচনের আগে আগে পিএমএল-এন নেতাকর্মীদের অনেককে তাদের বাড়ি থেকে চোখ বেঁধে অপহরণ করা হয় বলেও অভিযোগ করেন নওয়াজকন্যা; অপরিচিত নম্বর থেকে অনেক নেতাকর্মীকে দেওয়া হয় হুমকি।

“এই জয় নওয়াজ শরীফের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী বাহিনীর প্রতি একটি বার্তা, যাতে বলা হয়েছে পাকিস্তান কেবলমাত্র জনগণ এবং গণতন্ত্রের মাধ্যমে শাসিত হবে,” সমর্থকদের বলেন মরিয়ম।

নওয়াজের মেয়েকে পিএমএল-এনের ভবিষ্যৎ কাণ্ডারি হিসেবেও মনে করেন অনেকে। নির্বাচনী প্রচারে পাকিস্তানের বিচার বিভাগের রায়ের বিরুদ্ধেও জ্বালাময়ী বক্তব্য রাখেন তিনি।

যৃক্তরাষ্ট্র ঘোষিত ‘সন্ত্রাসী’ ইয়াকুব শেখের কারণেও লাহোরের এই আসনে পিএমএল-এনের সমর্থন কিছুটা কমেছে বলে ধারণা করছে রয়টার্স।

নতুন গঠিত মিল্লি মুসলিম লীগের প্রার্থী ইয়াকুব ৪ হাজার ১৭৪ ভোট পেয়েছেন। ২০১২ সালে তাকে সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার জ্যেষ্ঠ নেতা অ্যাখ্যা দিয়ে তার জন্য এক কোটি ডলার পুরষ্কার ঘোষণা করে ওয়াশিংটন।