টেক্সাসের সৈকতে ঘূর্ণিঝড়ের তোড়ে ভেসে আসা অদ্ভুত প্রাণী
ঘূর্ণিঝড় হার্ভির সময় টেক্সাসের সমুদ্রসৈকতে ভেসে আসা ছুঁচালো দাঁতের রহস্যময় প্রাণীটির পরিচয় শনাক্ত করা হয়েছে।
বিবিসি জানায়, মৃত ওই প্রাণীটিকে প্রীতি দেশাই নামে একজন খুঁজে পান এবং এর পরিচয় জানতে টুইটারে কয়েকটি ছবি পোস্ট করে সাহায্য চান।
তার অনুরোধ জীববিজ্ঞানী ও ঈল বিশেষজ্ঞ ড. কেনেথ টাইগের কাছে পৌঁছায়।সমুদ্রতীরে পাওয়া প্রাণীটি বড় ছুঁচালো দাঁতওয়ালা স্নেক-ঈল কিংবা গার্ডেন বা কনগের ঈল হতে পারে বলে জানান ড. টাইগ।
“এই তিনটি প্রজাতিই টেক্সাসের কাছে মেলে এবং সবগুলোরই বড় ছুঁচালো দাঁত আছে,” বলেন তিনি।
ধারণা করা হচ্ছে, ঘূর্ণিঝড় হার্ভির সময় তীব্র ঝড় ও জলোচ্ছ্বাসই প্রাণীটিকে টেক্সাসের সমুদ্র সৈকতে টেনে আনে।
ছুঁচালো দাঁতের স্নেক-ঈল অনেক জায়গায় ‘টাস্কি ঈল’ নামেও পরিচিত। সাধারণত পশ্চিম আটলান্টিক মহাসাগরের ৩০ থেকে ৯০ মিটার গভীরের দিকে এটি পাওয়া যায়।
হারিকেন হার্ভির ক্ষতি তদারক করার সময় সমুদ্র সৈকতে ওই ঈলের সন্ধান পাওয়ার কথা জানান প্রীতি।
“এটা ছিল একেবারেই অপ্রত্যাশিত; এটি এমন কিছু নয় যা আপনি প্রতিনিয়তই সৈকতে দেখতে পাবেন। আমি ধারণা করেছিলাম এটা এমন কিছু যা গভীর সমুদ্র থেকে উঠে এসেছে। আমার কৌতুহল জেগেছিল, এটা আসলেই কী?”
অনেক বিজ্ঞানী টুইটার ব্যবহার করেন, সুতরাং সেখানে জিজ্ঞেস করলেই পরিচয় মিলবে এই আশাতে ছবি পোস্ট করেন প্রীতি; এরপর দ্রুতই এক বন্ধু তাকে ড. টাইগের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন।
“আমি অনেক বিজ্ঞানী ও গবেষককে অনুসরণ করি; (টুইটারে) তাদের একটি চমৎকার সম্প্রদায় আছে; তারা খুব উপকারীও, বিশেষ করে পৃথিবী বিষয়ে কোনো প্রশ্নের উত্তর কিংবা প্রাণী ও উদ্ভিদ চিহ্নিত করার ক্ষেত্রে।”
‘প্রকৃতিকে তার কাজ করতে দিতে’ ঈলটিকে সমুদ্র সৈকতেই রেখে এসেছেন বলে জানিয়েছেন প্রীতি।
