অস্ট্রেলিয়ায় সমকামী বিয়ের প্রচারে সামিল প্রধানমন্ত্রী
অস্ট্রেলিয়ায় সমকামী বিয়ে নিয়ে যে ভোটের প্রচারণা চলছে তাতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলসহ অন্যান্য রাজনৈতিক নেতারা।
অস্ট্রেলিয়ায় বিয়ে আইন পরিবর্তনের জন্য ‘পোস্টাল’ গণভোট-এর পক্ষে সিডনিতে ২ হাজারেরও বেশি মানুষের সমাবেশে সবাইকে অবাক করে দিয়ে হাজির হন প্রধানমন্ত্রী টার্নবুল।
তিনি সেখানে বক্তৃতা করেন এবং সমকামী বিয়ের পক্ষে অর্থাৎ, ‘হ্যাঁ’ ভোটের জন্য প্রচার চালান। বিরোধী দলীয় নেতা বিল শর্টেনও সমাবেশে বক্তৃতা করেন বলে জানিয়েছে বিবিসি।
সমকামী বিয়ে বিষয়ক আইন করার আগে অস্ট্রেলিয়ায় জনমত যাচাই করা হচ্ছে। ভোটারররা ডাকযোগে তাদের রায় জানাবেন। সংখ্যাগরিষ্ঠ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিলে সমকামী বিয়ে বৈধতা পাবে।
১২ সেপ্টম্বর থেকে ব্যালট ডাকযোগে পাঠানো শুরু হবে। ফল ঘোষণা হবে নভেম্বরে।
তবে ডাকযোগে গণভোটের এ পদ্ধতিকে অনেকেই অহেতুক সময়ক্ষেপণ বলে এর সমালোচনা করেছেন। তারা বলছেন, এত জটিলতায় না গিয়ে বিষয়টি তাৎক্ষণিকভাবে পার্লামেন্টেই নিষ্পত্তি করা যেত।
