পেট্রোল ও ডিজেল চালিত গাড়ি নিষিদ্ধ করবে চীন
বিশ্বের সর্ববৃহৎ গাড়ির বাজার চীন পেট্রোল ও ডিজেল চালিত গাড়ি এবং ভ্যান তৈরি ও বিক্রি নিষিদ্ধ করার পরিকল্পনা করছে।
চীনের মন্ত্রিসভার এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম রোববার বলেছে, “চীনের শিল্প মন্ত্রণালয় কখন থেকে জ্বালানি চালিত এ প্রচলিত গাড়ি নিষিদ্ধ করা হবে তা ভেবে দেখছে। পেট্রোল ও ডিজেল চালিত গাড়ির জায়গায় বিদ্যুৎ চালিত গাড়ি উন্নয়ন করা হবে।।”
চীনের উপশিল্পমন্ত্রী বলেছেন, তারা বিষয়টি নিয়ে নাড়াচাড়া করে দেখছেন এবং শিগগিরই গাড়ি নিষিদ্ধের একটি সময়সূচিও ঠিক করবেন। গাড়ি নিষিদ্ধের পদক্ষেপ চীনের গাড়ি শিল্পে নিশ্চিতভাবেই বড় ধরনের পরিবর্তন ঘটাবে।
বায়ু দূষণ এবং কার্বন নির্গন কমাতে যুক্তরাজ্য এবং ফ্রান্স এরই মধ্যে ২০৪০ সাল থেকে ডিজেল ও পেট্রোল চালিত গাড়ি নিষিদ্ধের ঘোষণা দিয়েছে। চীনও খুব শিগগিরিই এ কাতারে সামিল হওয়ার আভাস দিয়েছে।
চীনে গতবছর ২ কোটি ৮০ লাখ গাড়ি তৈরি করেছে। যা বিশ্বে মোট গাড়ির সংখ্যার প্রায় এক তৃতীয়াংশ।
চীনের মালিকানাধীন গাড়ি তৈরি কোম্পানি ভলভো জুলাইয়ে বলেছে, তাদের সব নতুন মডেলের গাড়িতেই ২০১৯ সাল থেকে বৈদ্যুতিক মটর থাকবে। ২০১৫ সালের মধ্যে ভলভো ১০ লাখ বৈদ্যুতিক গাড়ি বিক্রির পরিকল্পনা করেছে।
রেনাল্ট-নিশান, ফোর্ড এবং জেনারেল মটরসসহ বিশ্বের অন্যান্য গাড়ি কোম্পানিগুলোও চীনে বৈদ্যুতিক গাড়ি তৈরির কাজ করছে।
