২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের নারীবাদী লেখিকা কেট মিলেটের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নারীবাদী লেখিকা ও আন্দোলনকর্মী কেট মিলেট প্যারিস ভ্রমণকালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮২ বছর।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2017, 10:24 PM

Updated : 12 Apr 2022, 12:17 AM

১৯৭০ সালে প্রকাশিত হয়েছিল কেট মিলেটের সাড়া জাগানো বই ‘সেক্সুয়াল পলিটিক্স’।

নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৬ সালের পিএইচডি থিসিসের ভিত্তিতে বইটি লিখেছিলেন কেট। বইটিকে পরে ‘নারী মুক্তির বাইবেল’ খেতাব দিয়েছিল ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’।

বুধবার প্যারিসে থাকার সময় হার্ট অ্যাটাকে কেট মিলেটের মৃত্যুর খবর জানানো হয়েছে তার এক ঘনিষ্ঠ সূত্রে। মিলেটের বই প্রকাশনা সংস্থাও তার মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছে।

বিংশ শতাব্দীতে ৬০-এর দশকে পাশ্চাত্যে যে নারীবাদী ধারার উদ্ভব ঘটেছিল তার অন্যতম প্রবক্তা ছিলেন কেট মিলেট। এই নারীবাদের মূলমন্ত্র হচ্ছে, পুরুষ নারীকে শোষণ করে যৌন নিপীড়নের মাধ্যমে। নারীকে যৌন সামগ্রী হিসেবে পুরুষ 'যৌন রাজনীতির (সেক্সুয়াল পলিটিক্স) মাধ্যমে যে শোষণ চালায় তার বিলোপ সাধনই নারী মুক্তির মূলকথা।

কেবল নারীবাদের প্রবক্তাই নয়, নামকরা নারীবাদী আন্দোলনকর্মীও ছিলেন কেট মিলেট। যুক্তরাষ্ট্রে নারীদের সম অধিকার আইন সংশোধনীর জন্য প্রচার চালিয়েছিলেন তিনি। নারীদের গর্ভপাতের অধিকারের পক্ষেও তিনি সোচ্চার ছিলেন। অন্যান্য বিষয়ের মধ্যে ইরানে নারীদের অধিকারের জন্যও তিনি প্রচার চালিয়েছিলেন।