১৯৯৩ সালে মুম্বাই হামলায় অভিযুক্তদের সাজা
ভারতের মুম্বাইয়ের ১৯৯৩ সালের ধারাবাহিক বোমা হামলা মামলায় দোষী সাব্যস্ত পাঁচ আসামির সাজা ঘোষণা করেছে আদালত।
রায়ে ফিরোজ খান ও তাহের মার্চেন্টকে মৃত্যুদণ্ড এবং আবু সালেম ও করিমুল্লা খানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি আরেকজন রিয়াজ সিদ্দিকীকে দেওয়া হয়েছে ১০ বছরের জেল।
১৯৯৩ সালের মার্চে দুপুরের দিকে পরপর ১৩টি বোমা বিস্ফোরণে কেঁপে উঠেছিল মুম্বাই। এতে ২৫৭ জন নিহত ও ৭১৩ জন আহত হয়েছিল।
২৪ বছর আগের সেই হামলায় প্রত্যক্ষভাবে জড়িতদেরই সাজা বৃহস্পতিবার ঘোষণা করেছে আদালত। দুপুর পৌনে ১টায় বিশেষ টাডা আদালত সাজার রায় ঘোষণা করে।
এর আগে গত ১৬ জুন আদালত ৬ জনকে দোষী সাব্যস্ত করেছিল। পরে এক আসামি মারা যায়।
২০০৩ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত হামলার ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছিল ৭ জনকে। তাদের মধ্যে আদালতে দোষী সাব্যস্ত হয় ৬ জন।
এদের মধ্যে মোস্তফা দোসার মৃত্যু হয়। আর একজনকে খালাস দেওয়া হয়।
