উত্তর কোরিয়ায় পারমাণবিক পরীক্ষা থেকে ভূমিধস
উত্তর কোরিয়ার সর্বসাম্প্রতিক পারাণবিক বোমা পরীক্ষার ফলে পরীক্ষাকেন্দ্র ও এর বাইরে কয়েকটি ভূমিধস হয়েছে বলে মনে করা হচ্ছে। স্যাটেলাইটে তোলা ছবি থেকে এমন আভাসই পাওয়া যাচ্ছে। যদিও ছবিতে ধসের ফলে কোনও গর্ত দেখা যায়নি।
উত্তর কোরিয়া গত রোববার পুঙ্গি রি পার্বত্য স্থপনায় মাটির নিচে পারমাণবিক বোমা পরীক্ষা চালায়। তারা হাইড্রোজেন বোমা পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে।
যুক্তরাষ্টে্রর ভূতাত্বিক জরিপ সংস্থা মাটির নিচে ওই পরীক্ষার ফলে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প রেকর্ড করেছে। এর কিছুক্ষণ পর আরেকটি পরীক্ষায় ৪ দশমিক ১ মাত্রার কম্পন ধরা পড়ে।
এতে ওই জায়গার পাথর খসে পড়ে বায়ুমন্ডলে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়েছে বলেই ধারণা করা হচ্ছে। উত্তর কোরিয়া পরিস্থিতি নজরে রাখা ৩৮ নর্থ ওয়েবসাইটের ছবিতেও ভূমিধস দেখা গেছে। পরীক্ষা কেন্দ্রের সবচেয়ে শীর্ষ স্থানের কাছে ভূপৃষ্ঠে পরিবর্তন ধরা পড়েছে।
উত্তর কোরিয়ার আগের ৫ টি ক্ষেপণাস্ত্র পরীক্ষার চেয়ে এটি অনেক বেশি শক্তিশালী ছিল এবং এ পরীক্ষায় ভূকম্পনও হয়েছে তীব্র। যদিও বিশেষজ্ঞদের ধারণা, এ পরীক্ষার ফলে পুঙ্গি রি কেন্দ্রের মাটির নিচের কোনও টানেল ধসে পড়ে নি।
তারপরও উত্তর কোরিয়া একের পর এক পরীক্ষা চালিয়ে যেতে থাকায় পরীক্ষা কেন্দ্রটি কতটা টেকসই থাকবে তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
এ সপ্তাহের শুরুর দিকে পারমাণবিক পরীক্ষার পর চীনা বিজ্ঞানিরা পাহাড় ধস এবং তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার ব্যাপারে সতর্ক করেছিলেন।
