২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাক-জঙ্গিদের ‘আঞ্চলিক নিরাপত্তায় উদ্বেগ’ বলল ব্রিক্স

পাকিস্তানের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র দেশ চিনে অনুষ্ঠিত এবারের ব্রিক্স সম্মেলনে প্রথমবারের মত পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠনগুলোকে আঞ্চলিক নিরাপত্তায় উদ্বেগ আখ্যা দিয়ে কঠোর বার্তা দিয়েছেন নেতারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2017, 05:57 PM

Updated : 12 Apr 2022, 12:16 AM

লস্কর-ই-তৈয়াবা, জইস-ই-মোহাম্মদ, হাক্কানি নেটওয়ার্কসহ পাকিস্তানভিত্তিক বিভিন্ন জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে এর পৃষ্ঠপোষকদের জবাবদিহিতা করার আহ্বান জানানো হয়েছে ব্রিক্স মঞ্চ থেকে।

ভারত এ পদক্ষেপকে জঙ্গি হামলার বিরুদ্ধে লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে স্বাগত জানিয়েছে।

৫ টি গুরুত্বপূর্ণ রাষ্ট্রের উদীয়মান অর্থনীতির জোট ব্রিক্সের দেশগুলো হচ্ছে, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। চীন অতীতে এর মিত্র দেশ পাকিস্তানকে সমর্থন করে এসেছে।

এবারই প্রথম পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠনগুলোর নাম করে সন্ত্রাসের কঠোর নিন্দা করা হয়েছে ব্রিকসের যৌথ বিবৃতিতে। আফগানিস্তানেও অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে ব্রিক্স।

বিবৃতিতে নেতারা বলেছেন, “তালেবান, ইসলামিক স্টেট... আল কায়েদা ও এর সংশ্লিষ্ট ইস্টার্ন তুর্কিস্তান ইসলামিক মুভমেন্ট, ইসলামিক মুভমেন্ট অব উজবেকিস্তান, হাক্কানি নেটওয়ার্ক, লস্কর ই-তৈয়বা, জঈশ-ই মোহম্মদ, টিটিপি এবং হিজব উত-তাহিরের কর্মকাণ্ডে সৃষ্ট সহিংসতায় এ অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন।”

পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বার বিরুদ্ধে ভারতের সন্ত্রাসের অভিযোগ দীর্ঘদিনের। ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলাসহ সীমান্ত পেরিয়ে একাধিক সন্ত্রাসী কর্মকান্ডের জন্য ভারত এ দলটিকে দায়ী করে আসছে।

আরেক পাক জঙ্গি গোষ্ঠী জঈশ-ই-মোহাম্মদের বিরুদ্ধে ভারত ২০০১ সালে পার্লমেন্টে হামলার অভিযোগ করে আসছে।

পাকিস্তানকে এ জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছে ভারত। তবে ইসলামাবাদ ভারতে কোনও জঙ্গি হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করে আসছে।