২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার মিয়ানমার সেনাবাহিনীর

ছয় সাংবাদিকের বিরুদ্ধে সম্মানহানির অভিযোগে করা মামলা প্রত্যাহার করে নিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2017, 01:25 PM

Updated : 12 Apr 2022, 12:16 AM

শুক্রবার দেওয়া এক বিবৃতিতে তারা দেশ ও জনগণের স্বার্থে গণমাধ্যমের সঙ্গে কাজ করার আগ্রহের কথাও জানিয়েছে।

সেনাবাহিনী মামলা প্রত্যাহার করায় গ্রেপ্তার ৬ সাংবাদিককে আর বিচারের মুখোমুখি হতে হবে না বলে রয়টার্স জানিয়েছে।

কয়েক দশকের সামরিক শাসনের পর ২০১৫ সালের নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় বসে অং সান সুচির দল। পালাবদলের এই সময়েও সাংবাদিকদের বিরুদ্ধে নেওয়া বিভিন্ন আইনী পদক্ষেপ মুক্তবুদ্ধি চর্চার পরিসর সীমিত করে ফেলতে পারে এমন সমালোচনার মধ্যেই সেনাবাহিনী তার অভিযোগ প্রত্যাহার করে নিল। 

শুক্রবারের বিবৃতিতে মিয়ানমারের সেনাবাহিনী জানায়, অভিযুক্ত সাংবাদিকরা ‘তাতমাদাও এর ভাবমূর্তি, ঐতিহ্য ও কার্যকলাপকে অসম্মানিত করেছে’, তাই তাদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়া হয়েছিল। মিয়ানমারি পরিভাষায় সেনাবাহিনীকে ‘তাতমাদাও’ নামে ডাকা হয়।

যে ছয়জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের কথা জানিয়েছে সেনাবাহিনী, তাদের মধ্যে তিনজন জুনের শেষের দিকে গ্রেপ্তার হয়েছিলেন।

সেনাবাহিনীর সঙ্গে বিরোধ থাকা মিলিশিয়া বাহিনী তাআঙ ন্যাশনাল লিবারেশন আর্মি আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেওয়ায়ে উপনিবেশিক আমলে করা ‘বেআইনী গোষ্ঠী’র সঙ্গে যোগসাজশের আইনে এই তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছিল।

আইনটির মাধ্যমে এর আগেও নির্বিচারে ধরপাকড় ও আটক করা হতো বলে মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করে আসছে। 

 “শুরু থেকেই এটা ছিল অবিচার; আমরা সাংবাদিকরা আমাদের কাজ করছিলাম, কিন্তু আমাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এবং এরই মধ্যে আমরা ৬০ দিনেরও বেশি সময় জেলে কাটিয়েছি,” বিচার শুরুর অপেক্ষায় আদালত কক্ষ থেকে ফোনে রয়টার্সকে এমনটাই বলেছিলেন অভিযুক্ত এক সাংবাদিক পায়ে ফোন অং।

অন্য যে তিন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছিল তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল- নিবন্ধের মাধ্যমে তারা সেনাবাহিনীর সম্মানহানি করেছেন।

সেনাবাহিনী মামলা প্রত্যাহার করায় পায়েসহ তিন সাংবাদিককে ছেড়ে দেওয়া হয়েছে, বাকিরা মুক্তি পেয়েছেন কীনা তা নিশ্চিত হতে পারেনি রয়টার্স।