শ্রীলঙ্কার সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা
শ্রীলঙ্কার সশস্ত্র বাহিনী ও সেনাবাহিনীর সাবেক প্রধান, বর্তমানে লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বপালনরত জেনারেল (অব.) জগৎ জয়সুরিয়ার নামে ব্রাজিল ও কলম্বিয়ায় যুদ্ধাপরাধের মামলা করেছে বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন।
বুধবার এক প্রতিবেদনে বিবিসি এ খবর জানিয়েছে।
সাবেক জেনারেল জয়সুরিয়া তামিল বিচ্ছিন্নতবাদীদের বিরুদ্ধে গৃহযুদ্ধের শেষ দিকে ২০০৮-০৯ সালে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে চলা অভিযানের কমান্ডারের দায়িত্ব পালন করেছিলেন। ওই সময় শ্রীলঙ্কার উত্তর-পূর্ব অংশে তামিল অধ্যুষিত এলাকার হাসপাতালে হামলা এবং হাজারো নিরপরাধ তামিলকে অপহরণ, নির্যাতন ও হত্যার অভিযোগ আছে সেনাবাহিনীর বিরুদ্ধে।
যুদ্ধের শেষ পর্যায়ে বিচ্ছিন্নতাবাদী নেতাসহ হাজার হাজার তামিল নিহত হয়েছিল; যুদ্ধের ওই পর্যায়ে উভয় পক্ষ নৃশংসতা দেখিয়েছিল বলে অভিযোগ আছে। যুদ্ধের শেষ কয়েক মাসে হাজার হাজার তামিল ছোট একটি ভূখণ্ডে আটকা পড়েছিল, পরে বাছবিচারহীনভাবে সবাইকে হত্যা করা হয় বলে অভিযোগ।
মানবাধিকার সংগঠনগুলো অনেকদিন ধরে এই ঘটনার বিচার চেয়ে আসলেও এ নিয়ে এখন পর্যন্ত কিছুই করা হয়নি।
জয়সুরিয়া বর্তমানে লাতিন আমেরিকার ব্রাজিল, কলম্বিয়া, পেরু, চিলি, আর্জেন্টিনা ও সুরিনামে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বপালন করছেন।
কূটনীতিক হিসেবে তিনি দায়মুক্তি সুবিধা ভোগ করে আসছেন; অভিযোগ আনা ইন্টারন্যাশনাল ট্রুথ অ্যান্ড জাস্টিস প্রোজেক্ট তার এই সুবিধা প্রত্যাহার এবং তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি চায় বলে জানিয়েছে বিবিসি।
ইন্টারন্যাশনাল ট্রুথ অ্যান্ড জাস্টিস প্রজেক্টের আইনজীবি ইয়াসমিন সুকা বলেন, “সুনির্দিষ্টভাবে ২০০৭-০৯ পর্যন্ত ভান্নি এলাকায় যা ঘটেছে সেটার দায় তার। জাতিসংঘের তদন্তেও সেনাবাহিনী যে সেখানে বেসামরিক ও যোদ্ধাদের মধ্যে পার্থক্য মানেনি তা দেখা গেছে; সমানুপাতিকভাবে তারা আইনেরও লঙ্ঘন ঘটিয়েছে।”
“সবচেয়ে দুঃখজনক হলো লোকজনকে নো-ফায়ার জোনে ঠেলে দিয়ে সেখানে শেল ও বোমা মারা; এ কারণেই অসংখ্য প্রাণ হারিয়ে গেলো,” বলেন সুকা।
উত্তর শ্রীলঙ্কায় সংখ্যালঘু তামিলদের মাতৃভূমি প্রতিষ্ঠায় তামিল টাইগারদের সঙ্গে শ্রীলঙ্কার সরকারি বাহিনীর ২৬ বছর ধরে চলা গৃহযুদ্ধে উভয়পক্ষের অন্তত এক লাখ লোক নিহত হয়।
অভিযোগ আছে, ওই সময় সেনাবাহিনী তাদের কাছে আত্মসমর্পণ করা বিদ্রোহী নেতা এবং অন্যদেরও হত্যা করে। ২০১২ সালে জাতিসংঘও অভিযোগের সত্যতা থাকতে পারে বলে স্বীকার করে এবং বেসামরকি নাগরিকদের সুরক্ষা দিতে আরো কিছু করা উচিত ছিল বলে জানায়।
এক তদন্তে যুদ্ধের শেষ ৫ মাসে ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছিল বলে জানানো হলেও কত হাজার বেসামরিক নাগরিক মারা গেছে তার কোনো নিশ্চিত তথ্য জানা যায়নি।
জয়সুরিয়ার বিরুদ্ধে পেরু, চিলি ও আর্জেন্টিনায়ও অভিযোগ দায়ের করা হবে বলে ইন্টারন্যাশনাল ট্রুথ অ্যান্ড জাস্টিস প্রজেক্ট জানিয়েছে।
শ্রীলঙ্কার সরকার জানিয়েছে, রাষ্ট্রদূতের দায়িত্ব শেষে দেশে ফিরে আসছেন সাবেক জেনারেল। বুধবার তার কলম্বোয় পৌঁছানোর কথা।
“পূর্ব পরিকল্পনা মতোই তিনি ব্রাজিল ছেড়েছেন, কিছু গণমাধ্যম তার পালিয়ে আসার অভিযোগ করলেও তা সত্যি নয়,” বলেন শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাহিসিনি কলোনে।
যদিও সুকা বলছেন, অভিযোগের পরই ব্রাজিল ছেড়েছেন শ্রীলঙ্কার রাষ্ট্রদূত।
“আমরা তার গতিবিধি নজর রাখছি, তিনি ব্রাজিল থেকে দুবাইয়ের একটি ফ্লাইট ধরেছেন বলে বিশ্বাসযোগ্য সূত্রে তথ্য মিলেছে।”
শ্রীলঙ্কা পৌঁছানোর পর রাষ্ট্রদূতের দায়িত্ব ছাড়লে জয়সুরিয়া কূটনৈতিক দায়মুক্তির সুযোগ হারাবেন। সেসময় চাইলে লাতিন আমেরিকার দেশগুলো তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে বলেও মন্তব্য করেন ইন্টারন্যাশনাল ট্রুথ অ্যান্ড জাস্টিস প্রজেক্টের এই আইনজীবি।
