২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হিউস্টনে বন্যা: বাঁধ উপচে ঢুকছে পানি

যুক্তরাষ্ট্রের টেক্সাসে ঘূর্ণিঝড় হার্ভির প্রভাবে ভারি বৃষ্টিপাতে হিউস্টনের অ্যাডিকস বাঁধ উপচে পানি ঢুকতে শুরু করেছে।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2017, 09:36 PM

Updated : 11 Oct 2022, 02:27 PM

পুরনো খবর:

হার্ভি: টেক্সাসের বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা

বিবিসি জানায়, বাঁধের পানি ছেড়ে দিয়ে আশেপাশের জনবসতি প্লাবিত হওয়া থেকে রক্ষার চেষ্টা করছেন প্রকৌশলীরা।

কিন্তু তাদের সেই চেষ্টা খুব একটা কাজে আসছে না বলে জানান বন্যা নিয়ন্ত্রণ কর্মকর্তা জেফ লিন্ডনের। তিনি বলেন, পানি বাঁধের সর্বোচ্চ সীমা অতিক্রম করেছে।

“অতীতে আমাদের কখনও এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি। পরিস্থিতি সামাল দিতে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি।”

তবে পানি উপচে উঠলেও বাঁধ ভেঙ্গে পড়ার আশঙ্কা নেই বলে জানান এই কর্মকর্তা।

ভূতাত্ত্বিক তথ্যানুযায়ী অ্যাডিকস বাঁধের পানি ১০৮ ফুট উপরে পৌঁছে গেছে।

গত ১৩ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের মূলভূখণ্ডে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হার্ভি শুক্রবার টেক্সাস উপকূলে আঘাত হানে। সেটি ক্রান্তীয় ঝড়ে পরিণত হয়ে বর্তমানে মেক্সিকো উপসাগরে অবস্থান করছে।

হার্ভির প্রভাবে ভারি বৃষ্টিপাতে টেক্সাস অঙ্গরাজ্যে মারাত্মক বন্যা দেখা দিয়েছে। প্রতিবেশী লুইজিয়ানায়ও বন্যার কারণে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

টেক্সাসের সবচেয়ে বড় নগরী হিউস্টন বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে বন্যা কবলিত এলাকাগুলো থেকে প্রায় ৩০ হাজার মানুষকে উদ্ধার করে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হযেছে।

হিউস্টনে বন্যায় অন্তত নয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

তাদের মধ্যে ছয়জন একই পরিবারের সদস্য। গত রোববার বন্যার পানির তোড়ে তাদের ভ্যানটি ভেসে যায়।

নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা প্রকাশ করেছেন কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প মঙ্গলবার টেক্সাসের বন্যা কবলিত এলাকায় পরিদর্শণে গেছেন বলে জানায় বিবিসি।

দেশটির আবহাওয়া অফিস আগামী কয়েকদিন টেক্সাস ও লুইজিয়ানায় আরও ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে।

হিউস্টনের কয়েকটি এলাকায় মঙ্গলবার ৩০ সেন্টিমিটারের বেশি বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

ন্যাশনাল হরিকেন সেন্টারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “(মঙ্গলবার) রাতভর ভারি বৃষ্টিপাতে টেক্সাসের দক্ষিণ-পূর্বাঞ্চল এবং লুইজিয়ানার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে।”

হিউস্টনে বন্যার কারণে বিদ্যালয় ও অফিস-আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে। নগরীর প্রধান দুইটি বিমানবন্দর বুক সমান পানিতে তলিয়ে গেছে।