এভারেস্ট জয়ের ভুয়া দাবি, চাকরি গেল ভারতীয় পুলিশ দম্পতির
প্রথম ভারতীয় দম্পতি হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বত চূড়া মাউন্ট এভারেস্ট জয়ের মিথ্যা দাবি করা মহারাষ্ট্র পুলিশের দুই কর্মকর্তা চাকরি হারিয়েছেন।
গত বছর দিনেশ ও তারকেশ্বরী রাঠোর সফলভাবে এভারেস্টের ২৯ হাজার ৩৫ ফুট উঁচু চূড়ায় উঠার দাবি করে ছবি প্রকাশ করেছিলেন।
কিন্তু সোমবার মহারাষ্ট্র পুলিশের পক্ষ থেকে ওই দম্পতির চূড়ায় উঠার ছবি ‘ভুয়া’ বলে নিশ্চিত করা হয়।
মহারাষ্ট্র পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সাহেবরাও পাতিল সাংবাদিকদের বলেন, “ওই দম্পতি বিভ্রান্তিকর তথ্য দিয়েছে এবং মহারাষ্ট্র পুলিশের সুনাম ক্ষুন্ন করেছে।”
তবে ওই দম্পতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা সে বিষয়ে কিছু জানানো হয়নি।
বিবিসি জানায়, নিজস্ব তদন্ত শেষে নেপাল কর্তৃপক্ষ গত বছরই রাঠোর দম্পতির বিরদ্ধে পর্বতারোহণে ১০ বছরের নিষেধাজ্ঞা জারি করে।
যদিও নেপালের পর্যটন বিভাগ প্রাথমিকভাবে তাদের এভারেস্টের চূড়ায় আরোহণের সনদ দিয়েছিল। তদন্ত শেষে ওই সনদ বাতিল করা হয়।
গত বছর ২৩ মে রাঠোর দম্পতি এভারেস্টের চূড়ায় উঠার দাবি করেন এবং প্রমাণ হিসেবে কিছু ছবি প্রকাশ করেন।
কিন্তু সংবাদ সম্মেলনে তারা এভারেস্টে আরোহণের শুরু থেকে চূড়ায় পৌঁছাতে যে কয়দিন সময় লাগার কথা জানান তা নিয়ে অন্য পর্বতারোহীদের মধ্যে সন্দেহ দানা বাঁধতে থাকে।
পরে রাঠোর দম্পতির ছবি পর্যবেক্ষণ করে তাদের সন্দেহ আরও ঘণীভূত হয় এবং তারা বলেন, ছবিগুলো ‘অবশ্যই জাল’।
কারণ, রাঠোর দম্পতি যে ছবি জমা দিয়েছেন সেগুলোতে দুই সেট ভিন্ন ভিন্ন পোশাক ও জুতা দেখা গেছে বলে জানায় বিবিসি।
যদিও রাঠোর দম্পতি ওই দাবি অস্বীকার করে এবং নিজেদের এভারেস্ট বিজয়ের প্রমাণ হিসেবে চূড়ায় তোলা আরও বেশ কিছু ছবি জমা দেয়।
পরে ভারতের ব্যাঙ্গালুরুর পর্বতারোহী সত্যারুপ সিধান্থা সাংবাদিকদের বলেন, রাঠোর দম্পতি প্রমাণ হিসেবে যে ছবি জমা দিয়েছে সেগুলো আসলে তার ছবি।
এরপর নেপাল সরকার বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। গত বছর অগাস্টে তদন্ত শেষে রাঠোর দম্পতির বিশ্বের সর্বোচ্চ পর্বতের চূড়ায় আরোহরণের ছবি রূপান্তরিত বলে জানায়।
গত বছর মার্চ-এপ্রিলে সাড়ে চারশর বেশি পর্বতারোহী এভারেস্ট বিজয় অভিযানে অংশ নিয়েছে, যাদের মধ্যে ২৫০ জন বিদেশি ছিল।
