যুক্তরাষ্ট্র-রাশিয়া সংকট সমাধান সম্ভব: টিলারসন
যুক্তরাষ্ট্রের নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে সম্পর্ক নষ্ট না করে বরং ওয়াশিংটন ও মস্কো চাইলেই নিজেদের মধ্যে উত্তেজনা কমাতে পারে বলে বিশ্বাস করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।
ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় সাংবাদিকদের টিলারসন বলেন, “আমাদের এমন জায়গা খোঁজা উচিত যেখানে আমরা এক সঙ্গে কাজ করতে পারব। আর যেসব জায়গায় আমাদের মতপার্থক্য আছে সেসব সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করাও আমাদের অব্যাহত রাখতে হবে।”
ম্যানিলায় আসিয়ানভূক্ত দেশগুলোর সম্মেলনের ফাঁকে রোববার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে সাক্ষাৎ করেন টিলারসন।
তিনি জানান, যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে তিনি ল্যাভরভের সঙ্গে কথা বলেছেন।
টিলারসন বলেন, “আমি তাকে এ ঘটনার গুরুত্ব এবং এটি কিভাবে সম্পর্কের গুরুতর ক্ষতি করতে পারে তা বোঝাতে চেয়েছি।”
তবে শুধুমাত্র এ কারণে সম্পর্কের স্থায়ী ক্ষতি করাও উচিত হবে না বলে মনে করেন তিনি।
সম্প্রতি রাশিয়ার ওপর আরোপ করা যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া নিয়েও ল্যাভরভের সঙ্গে কথা বলেন টিলারসন।
তিনি বলেন, পহেলা সেপ্টেম্বর থেকে রাশিয়া সেখানে অবস্থান করা মার্কিন কূটনীতিকের সংখ্যা ৬০ শতাংশ কমিয়ে আনার যে নির্দেশ দিয়েছে ওয়াশিংটন তার জাবাব দেবে।
“রাশিয়া মার্কিন কূটনীতিকদের সংখ্যা কমিয়ে আনার যে অনুরোধ করেছে সে বিষয়ে আমাদের কি জবাব হবে তা এখনও আমরা চূড়ান্ত করিনি।”
রাশিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সই করার পর এটিই দুই দেশের এত শীর্ষ পর্যায়ের কোনও কর্মকর্তার প্রথম বৈঠক।
একইদিন ল্যাভরভ সাংবাদিকদের বলেন, “উত্তেজনা সত্ত্বেও জটিল কিছু বিষয় নিয়ে আমার মার্কিন সহকর্মী আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত আছেন বলেই আমার বিশ্বাস।”
ইউক্রেইন সংকট নিয়েও দুই নেতা কথা বলেছেন বলে জানান টিলারসন।
