২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিজেপির কর্মীরাই আমার উপর হামলা করেছে: রাহুল

ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র কর্মীরাই তার গাড়িবহরে হামলা করেছিল বলে অভিযোগ করেছেন কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2017, 07:36 PM

Updated : 12 Apr 2022, 12:04 AM

তিনি বলেন, “এভাবেই তারা এবং প্রধানমন্ত্রী মোদী রাজনীতি করেন।”

“এটা (হামলা) তাদের লোকেরাই করেছে, তারা কেন এর নিন্দা করবে।”

শুক্রবার গুজরাটের বন্যা কবলিত বানাসকান্থা অঞ্চল পরিদর্শনে যাচ্ছিলেন রাহুল। ওই সময় একদল লোক তাকে কালো পতাকা দেখায় এবং তার গাড়ি বহরে হামলা চালায়।

এনডিটিভি জানায়, হামলাকারীদের ছোড়া ইট-পাটকেলে রাহুলকে বহনকারী গাড়ির জানালার কাঁচ ভেঙ্গে যায়। তবে ৪৭ বছর বয়সী এই নেতা অক্ষত আছেন।

হামলার সঙ্গে জড়িত সন্দেহে বানাসকান্থার ধানেরা এলাকা থেকে বিজেপির স্থানীয় এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ হামলার নিন্দায় কংগ্রেসের যুবদলের কর্মীরা রাজধানী দিল্লি ও আহমেদাবাদসহ দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ করেছে।

কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা এবং রাজ্য সভার প্রধান বিরোধী নেতা গুলাম নবী আজাদ হামলার নিন্দা জানিয়ে বলেন, “এটা পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র।”

“হত্যার উদ্দেশ্যেই বিজেপি ও আরএসএস কর্মীরা এ হামলা চালিয়েছে।”

যদিও বিজেপির পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে।

শুক্রবার জ্যেষ্ঠ বিজেপি নেতা কৌলাশ বিজয়ার্জিয়া বলেন, “সেখানে আসলেই হামলা হয়েছিল নাকি ঘটনা সজানো ছিল আমরা সেটাই জানি না।”

বন্যায় গুজরাটের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি বানাসকান্থা। সেখাকার ছয়টি আসনে বিজয়ী কংগ্রেস নেতাদের কেউই এখন পর্যন্ত এলাকায় যাননি বলে খবর এনডিটিভির।